২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে দু'জনকে পিটিয়ে হত্যা

পারিবারিক কলহের জেরে জেলার ভেদরগঞ্জ উপজেলায় দু'জনকে পিটিয়ে হত্যা করেছে পরিবারের এক সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 02:09 PM

Updated : 25 Aug 2022, 05:04 PM

শরীয়তপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জেরে জেলার ভেদরগঞ্জ উপজেলায় দু'জনকে পিটিয়ে হত্যা করেছে পরিবারের এক সদস্য। বুধবার সকালে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের পাঁচালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- স্থানীয় ফুলকুঁড়ি কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষিকা অর্চনা রাণী (২৫) ও তার দাদী শাশুড়ি রাণী বালা ওরফে মনক্কা রাণী (৭০)। হত্যার অভিযোগে এলাকাবাসী নিহত অর্চনার শ্বশুড় গোবিন্দ চন্দ্র শীলকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ভেদরগঞ্জ থানার ওসি আবদুল কাইউম নিহতদের পরিবারের বরাত দিয়ে জানান, পারিবারিক কারণে গোবিন্দ চন্দ্র শীলের (৫৮) সঙ্গে তার ছেলে গৌতম চন্দ্র শীলের বিরোধ চলছিল। এছাড়া জমিজমা নিয়ে চাচা লালমোহন কবিরাজের সঙ্গেও গোবিন্দের বিরোধ চলে আসছে। সকালে গোবিন্দের সঙ্গে অর্চনার কথাকাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর অর্চনা রাণী ও রাণী বালা ওরফে মনক্কা রাণী বাড়ির পূজা মণ্ডপে মেঝে পরিষ্কার করছিলেন। এ সময় গোবিন্দ আকস্মিকভাবে একটি গাছের গুড়ি দিয়ে প্রথমে তার পুত্রবধূ অর্চনা রাণীকে মাথায় জোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অর্চনাকে বাঁচাতে গেলে তার চাচী মনক্কা রাণীকেও মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু হয়। পরে এলাকাবাসী এসে তাকে পুলিশে সোপর্দ করে। এব্যাপারে ভেদরগঞ্জ থানায় মনক্কা রাণীর স্বামী লালমোহন কবিরাজ বাদী হয়ে একটি মামলা করেছেন। মনক্কা রাণীর মেয়ে শেফালী রাণী (৩৫) বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, "জমিজমা নিয়ে চাচাত ভাই গোবিন্দ চন্দ্র শীলের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। এ কারণে সে আমার মাকে খুন করেছে।" মনক্কা রাণীর স্বামী লালমোহন কবিরাজ বলেন, গোবিন্দ আমার আপন ভাইপো। ঘটনার সময় আমি বাড়ি ছিলাম না। খবর পেয়ে এসে দেখি স্ত্রী ও নাতবৌকে গোবিন্দ খুন করেছে। অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আলী আহম্মদ খান সাংবাদিকদের বলেন, পারিবারিক ঝগড়াই এ হত্যাকাণ্ডের মূল কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৭ ঘ.