ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্ক দেশগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে 'সার্ক ফুড ব্যাংককে' কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আগামী ২৭ ও ২৮ অক্টোবর ঢাকায় সার্ক ফুড ব্যাংকের সভায় এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত এক প্রস্তুতি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক এতে সভাপতিত্ব করেন।
আগামী সভায় সার্কের সদস্য দেশ বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা অংশ নেবেন।
খাদ্য মন্ত্রী বলেন, সার্ক ফুড ব্যাংককে কার্যকর করতে যে সব প্রতিবন্ধকতা রয়েছে, এ সভার মাধ্যমে তা দূর করা হবে। এ বিষয়ে সদস্য দেশগুলোও একমত পোষণ করে।
তিনি বলেন, সার্কভুক্ত দেশগুলোর চালের অভিন্ন মান, চাল পরিবহনের মাধ্যম ও মূল্য নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে সার্ক ফুড ব্যাংককে এতদিন কার্যকর করা সম্ভব হয়নি। এ বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করে একে কার্যকর করা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা সচিব মোখলেছুর রহমান, খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত সচিব বরুণ দেব মিত্র, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খান, যুগ্ম-সচিব খন্দকার আতিয়ার রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক শাখার মহাপরিচালক সফিউর রহমান, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক মির্জা ফজলুল করিমসহ মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
২০০৭ সালে সার্ক ফুড ব্যাংক গঠন করা হয়। প্রাকৃতিক দুর্যোগ বা খাদ্য সংকট মোকাবেলায় সার্কভুক্ত আটটি দেশকে খাদ্য সহায়তা দেওয়াই এর লক্ষ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/এইচএ/২৩২০ ঘ.
bdnews24