২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার রাজধানীর বনানীতে ঢাকা-ময়মনসিংহ সড়কে অবরোধ প্রত্যাহার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 11:33 AM

Updated : 25 Aug 2022, 05:02 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার রাজধানীর বনানীতে ঢাকা-ময়মনসিংহ সড়কে অবরোধ প্রত্যাহার করেছে। টিউশন ফি'র ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার বনানীর কাকলীতে বিকাল সাড়ে ৩ টার দিকে মহাসড়ক অবরোধ করে। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বিকাল সাড়ে ৪ টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেওয়ায় মহাসড়কে যান চলাচল শুরু হয়। গুলশান অঞ্চলের উপপুলিশ কমিশনার হাফিজ আক্তার বিকেল সোয়া ৫ টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ সড়ক থেকে সরে গিয়ে কামাল আতাতুর্ক এভিনিউয়ে অবস্থান নিয়েছে। আমরা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।" এর আগে গুলশান থানার ওসি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহাখালী ও বনানী এলাকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়েছে। তারা মঙ্গলবারের মধ্যেই টিউশন ফির ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছে। আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।" প্রত্যক্ষদর্শীরা জানায়, বনানীতে সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। অন্যদিকে মহাখালীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমতলীতে বিক্ষোভ সমাবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বনানী ও মহাখালী এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্র বিক্ষোভ ও পুলিশের অবস্থানের কারণে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুলশান জোনের সহকারি কমিশনার নূরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাখালীর ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে আমতলীতে গুলশান ১-মহাখালী সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরিস্থতি নিয়ন্ত্রণে পুলিশ মোতয়েন করা হয়েছে। এর আগে সোমবার গুলশান, বনানী ও মহাখালী এলাকায় ৭ ঘণ্টা ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটে। টিউশন ফি'র ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় বিমানবন্দর সড়ক এবং মহাখালী-গুলশান সড়কে প্রায় ৭ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়ক অবরোধকারী বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস শেল ছুঁড়ে এবং লাঠিচার্জ করে। শিক্ষার্থীরা ২০/২৫টি গাড়ি ভাংচুর করে। টিউশন ফি'র ওপর শতকরা ৪ ভাগ ভ্যাট (মূসক) আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা এই আন্দোলনে নেমেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/কেএমএস/১৭২৮ ঘ.