২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

টিউশন ফি'র ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার রাজধানীর বনানীতে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 10:32 AM

Updated : 25 Aug 2022, 05:02 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিউশন ফি'র ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার রাজধানীর বনানীতে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী বিকাল সাড়ে ৩ টার দিকে বনানীর কাকলিতে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে। এর ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা মঙ্গলবারের মধ্যেই টিউশন ফি'র ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানায়। গুলশান থানার ওসি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহাখালী ও বনানী এলাকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়েছে। তারা মঙ্গলবারের মধ্যেই টিউশন ফি ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছে। আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।" এর আগে বনানীতে সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। অন্যদিকে মহাখালীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমতলীতে বিক্ষোভ সমাবেশ করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে বনানী ও মহাখালী এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্র বিক্ষোভ ও পুলিশের অবস্থানের কারণে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গুলশান জোনের সহকারি কমিশনার নূরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাখালীর ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে আমতলীতে গুলশান ১-মহাখালী সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরিস্থতি নিয়ন্ত্রণে পুলিশ মোতয়েন করা হয়েছে। এর আগে সোমবার গুলশান, বনানী ও মহাখালী এলাকায় ৭ ঘণ্টা ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটে। টিউশন ফি'র ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় বিমানবন্দর সড়ক এবং মহাখালী-গুলশান সড়কে প্রায় ৭ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়ক অবরোধকারী বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস শেল ছুঁড়ে এবং লাঠিচার্জ করে। শিক্ষার্থীরা ২০/২৫টি গাড়ি ভাংচুর করে। টিউশন ফি'র ওপর শতকরা ৪ ভাগ ভ্যাট (মূসক) আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা এই আন্দোলনে নেমেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/কেএমএস/১৬২৮ ঘ.