ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, যুদ্ধাপরাধী এবং তাদের সমর্থক ছাড়া দেশে এমন কোনো মানুষ নেই যে একাত্তরের 'জঘন্যতম' নৃশংসতার বিচার চায় না। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। এখন সময় ঐক্যবদ্ধ হয়ে বিচার কাজ শেষ করার।
সোমবার আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত 'যুদ্ধাপরাধীদের বিচার-বাংলাদেশ প্রেক্ষিত' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্ধৃত করে তিনি বলেন, "জাতির পিতা ৭১' এর ১০ জানুয়ারী দেশে ফেরার এক ঘন্টার মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচারের ঘোষণা দিয়ে বলেছিলেন, এখানে অনেক রক্ত ঝড়েছে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। আর যেন রক্ত না ঝড়ে। আমি কথা দিচ্ছি অপরাধীদের বিচার হবে।"
১৯৭৩ সালের আর্ন্তজাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অ্যাক্টের মাধ্যমেই একাত্তরের যুদ্ধাপরাধের স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার সম্ভব হবে মন্তব্য করে সাবেক এ আইনমন্ত্রী বলেন, "আর্ন্তজাতিকভাবে খ্যাত দেশের বিজ্ঞ আইনজীবীদের নিয়ে এই আইন করা হয়েছে। পাশাপাশি ইতালিতে আইনজীবীদের একটি আর্ন্তজাতিক সম্মেলনের সেশনে এই আইনের খসড়া নিয়ে আলোচনার ভিত্তিতে এটি চূড়ান্ত করা হয়েছিল।"
যুদ্ধাপরাধীদের বিচারের সরকারি উদ্যোগের প্রতি তিনি দেশের সব আইনজীবীর সমর্থন আহ্বান করে বলেন, "এই মহান এবং গুরু দায়িত্ব পালনের জন্য দলীয় দৃষ্টিভঙ্গির উর্ধ্বে উঠতে হবে।"
শফিক আহমেদ বলেন, "বিরোধী দলের যেসব নেতা-নেত্রী বলছেন বিচার নিরপেক্ষ ও স্বচ্ছ হবে না। তাদের উদ্দেশ্যে আবারও বলছি, রাজনৈতিক উদ্দেশ্যে সরকার কারোও বিচার করবে না। অপরাধ করে শাস্তি থেকে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি চিরতরে নির্মূল করতেই এ বিচার হতেই হবে।"
বিরোধী দল এই বিচারকে রাজনৈতিক রং দিতে চাইছে মন্তব্য করে তিনি বলেন, "বিরোধীতার জন্য বিরোধীতা না করে সত্যিকারের অবস্থান থেকে যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি মূল্যায়ন করতে হবে।"
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, "যুদ্ধাপরাদীদের বিচার কাজ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। সবাই ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি এই বিচার বন্ধ করতে পারবে না। বিভিন্ন সময়ে আইনজীবীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন করেছে, প্রয়োজনে সেইভাবে আন্দোলন করতে হবে।"
ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, "মুক্তিযুদ্ধে অংশ নিয়েও যখন কোন আইনজীবী যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধীতা করে তখন খুব লজ্জা লাগে। আপনারা যদি আইনের শাসনে বিশ্বাস করেন, সংবিধানে বিশ্বাস করেন তাহলে ট্রাইব্যুনালের বিচার নিয়ে প্রশ্ন তুলবেন না। তাহলে রাজাকারদের সহযোগী হিসেবে আপনাদেরও বিচারের মুখোমুখি করা হবে। যেমন করা হয়েছিল দ্বিতীয় বিশ্ব যুদ্ধে নাজিদের সহযোগীদের।"
অ্যাডভোকেট এম এ আমিনউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকট ইউসূফ হোসেন হুমায়ূন, বার কাউন্সিলের সহসভাপতি অ্যাডভোকেট বাসেত মজুমদার, বার কাউন্সিলের নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ রেজাউর রহমান, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, সাংসদ নূরুল ইসলাম সুজন, ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডি কমিটির চেয়ারম্যান ডা. এম এ হাসান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ এফ এম মেজবাহ উদ্দিন, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আবু, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কাজী নজিবউল্ল্যাহ হিরু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএএ/২৩০৯ঘ.
bdnews24