২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলার চিকিৎসকরা কর্মস্থলে থাকছেন না: ডিসিদের অভিযোগ

ঢাকামুখি তৎপরতার কারণে দেশের উপজেলা পর্যায়ে নিয়োগ দেওয়া চিকিৎসকরা কর্মস্থলে থাকছেন না বলে অভিযোগ করেছেন জেলা প্রশাসকরা (ডিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 03:23 PM

Updated : 25 Aug 2022, 04:54 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকামুখি তৎপরতার কারণে দেশের উপজেলা পর্যায়ে নিয়োগ দেওয়া চিকিৎসকরা কর্মস্থলে থাকছেন না বলে অভিযোগ করেছেন জেলা প্রশাসকরা (ডিসি)। তিনদিনব্যাপী ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে সোমবার পঞ্চম অধিবেশনে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীদের সঙ্গে মতবিনিময়ে ডিসিরা এ অভিযোগ করেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক মাঠ পর্যায়ে নিযুক্ত চিকিৎসকরা যেন রাজধানীমুখি হতে না পারেন, সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কঠোর পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়ার ব্যাপারে ডিসিদের আশ্বস্ত করেন। বৈঠকে ডিসিরা অভিযোগ করেন, গ্রামাঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রে নিযুক্ত চিকিৎসকরা কর্মস্থলে নিয়মিত থাকেন না। এতে ভূক্তভোগীরা বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ বিশৃঙ্খলা বন্ধ করতে গিয়ে ডিসিদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এ পরিস্থিতি এড়াতে চিকিৎসকদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ বা তদারকি করার ক্ষমতা দাবি করেন ডিসিরা। তবে এতে মন্ত্রী বা উপদেষ্টা কেউই সম্মত হননি। বরং তাদের মন্ত্রণালয়ের মাধ্যমে চিকিৎসকদের কর্মকাণ্ড তদারকি জোরদার করার ব্যাপারে তাদের আশ্বাস দেন। বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রী বলেন, চিকিৎসকদের তদারকির জন্য জেলায় সিভিল সার্জন রয়েছেন। তারাই চিকিৎসকদের তদারিক করবেন। জেলা প্রশাসকরা পর্যবেক্ষণ করবেন সিভিল সার্জনদের। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী এ প্রসঙ্গে বলেন, এটা সত্য যে চিকিৎসকদের নতুন পদায়ন করা হলে অনেকেই সেখানে যান না। মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে তদারকি জোরদার করা হবে। তিনি বলেন, যদিও এটা চ্যালেঞ্জিং। তারপরও এটি করতে হবে। এতে ব্যর্থ হলে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হবে। অধিবেশনে জেলা প্রশাসকরা বিনামূল্যে বিতরণের ওষুধ চুরির ব্যাপারেও মন্ত্রীর কাছে অভিযোগ করেন। স্বাস্থ্য মন্ত্রী এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, "ওষুধ চুরি রোধে সরকারি সকল ওষুধ একটি নির্দিষ্ট রঙের প্যাকেটে প্যাকেটজাত করা হবে।" গ্রামাঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রে এক্স-রে ফিল্ম ও জেনারেটরের সমস্যা তুলে ধরে জেলা প্রশাসকরা বলেন, "এসব সংকটের কারণে স্বাস্থ্য সেবা মারাত্মকভাবে হুমকির সম্মুখিন হচ্ছে।" এসব বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী শাহাজাহান মিয়া ও মন্ত্রিপরিষদ সচিবও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/২১১১ঘ.