পঞ্চগড়, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন।
আহতদের মধ্যে চারজনকে পঞ্চগড় ও ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীভবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার সকালে উপজেলার জায়গিরজোত গ্রামে এই হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ওহিদুল হকের (৩২) বাড়ি জায়গির জোত গ্রামে।
তেঁতুলিয়া থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে ওই গ্রামে রমিজউদ্দিন (৪০) ও জাকির হোসেনের সঙ্গে বিবাদ চলে আসছিলো।
এ নিয়ে গত ২১ জুলাই থানা পুলিশ দুই পক্ষের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করে দিয়েছিলো। কিন্তু সোমবার সকালে জাকির এলাকার কয়েকজন চিহ্নিত অপরাধীকে নিয়ে রমিজউদ্দিন ও তার পরিবারের লোকজনদের ওপর হামলা চালায়।
এতে রমিজউদ্দিনের পক্ষের ওহিদুল জখম হন। তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে।
হামলায় রমিজউদ্দিনসহ তার পরিবারের সুজানু (৪০), সেরাজুল (৫০), সামসুদ্দিন (৫০), তরিকুল ইসলাম (২৮), সাইদুর (৪০), শাহীনা (২৮) ও হামিদাসহ (৪৯) ১০ জন আহত হয়।
এ ঘটনায় নিহত ওহিদুলের মামা খোরশেদ আলম বাদি হয়ে বিকালে তেঁতুলিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮৪৭ ঘ.
bdnews24