ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রম, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, আগামী ২৮ জুলাইয়ের মধ্যে পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করে ২৯ জুলাই ঘোষণা করা হবে।
তিনি বলেন, "নতুন মজুরি কাঠামোতে শ্রমিকদের সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা হবে।"
সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সোমবার অর্থ, বাণিজ্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সমন্বয় সভা শেষে খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করতে আগামী ২৮ জুলাই পর্যন্ত সময় রয়েছে। তবে নিুতম মজুরি বোর্ড আজই (সোমবার) তা চূড়ান্ত করবে।"
নতুন মজুরি কাঠামোতে পোশাক শ্রমিকদের চাহিদার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, "বোর্ড থেকে মজুরি নির্ধারণ হলেই গার্মেন্টসের সকল সমস্যার সমাধান হবে না। এটি মালিকদের মেনে নিয়ে কার্যকর করতে হবে।"
ন্যুনতম মজুরির সমস্যা সমাধান শেষে পোশাক শ্রমিকদের অন্যান্য সমস্যা সমাধানে সরকার উদ্যোগ নেবে বলে জানান মোশাররফ হোসেন।
সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভাপতিত্ব করেন। বাণিজ্য মন্ত্রী ফারুক খান এ সময় উপস্থিত ছিলেন।
নতুন মজুরি কাঠামো প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রী ফারুক খান বলেন, "অপেক্ষা করুন ও দেখুন। একটা ভালো কিছুই হবে।"
এদিকে নতুন মজুরি কাঠামোতে ন্যুনতম পাঁচ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকরা সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় নিুতম মজুরি বোর্ড কার্যালয় ঘেরাও করে এবং পরে স্মারকলিপি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/কেএমএস/১৫২৭ ঘ.
bdnews24