২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৎস্য খাদ্যে ট্যানারি বর্জ্য ব্যবহার ৩ মাস বন্ধের নির্দেশ

ট্যানারি বর্জ্য ব্যবহার করে মৎস্য ও পশু খাদ্য তৈরি ও এ সংক্রান্ত ব্যবসা তিন মাসের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 08:45 AM

Updated : 25 Aug 2022, 04:58 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- ট্যানারি বর্জ্য ব্যবহার করে মৎস্য ও পশু খাদ্য তৈরি ও এ সংক্রান্ত ব্যবসা তিন মাসের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপশি মৎস্য ও পশু খাদ্যে ট্যানারি বর্জ্য ব্যবহার বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না আগামী তিন সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশের দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়। বাণিজ্য, শিল্প, খাদ্য, স্বাস্থ্য ও মৎস্য সচিবদেরকে, পুুলিশের মহাপরিদর্শক (আইজি), বিএসটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক, বিসিএসআইআর এর চেয়ারম্যান ও বিএসটিআইয়ের পরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এছাড়া আদালত সরকারের প্রতি চারটি নির্দেশনা দিয়েছে। নির্দেশনাগুলো হলো- সব বিবাদীকে নিয়ে ১৫ দিনের মধ্যে একটি উচ্চক্ষমতা সম্পন্ন মনিটরিং কমিটি গঠন করে ঢাকাসহ কয়েকটি জেলায় পশু খাদ্য উৎপাদনে ট্যানারি বর্জ্য ব্যবহার বন্ধের পদ্ধতি ও নীতিমালা প্রণয়ন করতে হবে। বিএসটিআই এর ব্যবস্থাপনা পরিচালক, বিসিএসআইআর এর চেয়ারম্যান ও পুুলিশের মহাপরিদর্শক যৌথভাবে হাজারীবাগ এলাকায় মৎস্য ও পশু খাদ্যে ট্যানারি বর্জ্য প্রক্রিয়াজাত সংক্রান্ত কারখানা ও ব্যবসা অবিলম্বে বন্ধ করে ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করবে। ঢাকার ১০টি থানার ১০টি বাজার হতে, মাছ, মুরগীর মাংস ও ডিম সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করে দেখতে হবে এতে ক্রোমিয়াম, লীডও অন্য ক্ষতিকারক উপাদান আছে কিনা। বিএসটিআই ও বিসিএসআইআর এই পরীক্ষা করে তিন সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করবে। একইভাবে স্বাস্থ্য সচিবকে বাজার থেকে মাছ, মুরগীর মাংস ও ডিম সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে। রিট আবেদনে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি শুনানিতে বলেন, গত ২৪ জুলাই ডেইলি স্টার প্রত্রিকায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ট্যানারি বর্জ্য মৎস্য ও পশু খাদ্যে ব্যবহার হওয়ায় মানুষের দেহে বিভিন্ন ভাবে ক্যান্সারের উপাদান প্রবেশ করছে। এছাড়া কিডনি লিভারসহ বিভিন্ন জটিল রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। সরকার পক্ষে ছিলেন ডেপুটি আটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪৪০ ঘ.