ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
তিনি ডিসিদের বলেছেন, আইন অনুযায়ী সাধারণ মানুষের জন্য তথ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। এজন্য নতুন আইনও প্রণয়ন করা হয়েছে। কোন ক্ষেত্রে স্বাভাবিকভাবে তথ্য দেওয়া সম্ভব না হলে তথ্য কমিশনের সহায়তা নিতেও বলেছেন তিনি।
ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে সোমবার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ ডিসিদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেন।
পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, তথ্য অধিকার আইন পাস হয়েছে। এ আইন বাস্তবায়নে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, ডিসিদের পক্ষ থেকে সকল ক্ষেত্রে সব তথ্য দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়।
এ প্রসঙ্গে আবুল কালাম আজাদ ডিসিদের বলেন, যদি কেউ তথ্য চায়, সেজন্য তথ্য অধিকার কমিশনের নির্দিষ্ট ফরম রয়েছে। ফরম পূরণ করে কমিশনের সহযোগিতা নিয়ে তাদের তথ্য সরবরাহ করতে হবে। নিজেরা কোন তথ্য দিতে না পারলে কমিশনের সহযোগিতা নিতে হবে।
এছাড়াও তথ্যমন্ত্রী দেশের বিভিন্ন এলাকার সিনেমা হলগুলোতে অশ্লীল ছবি বন্ধ করতে ডিসিদের নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, "অতীতের সরকারের সময় এমন অশ্লীল ছবি তৈরি করা হয়েছে যে, এই প্রতিষ্ঠানটি ধ্বংসের প্রান্তে চলে গেছে। আমরা এ অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছি।"
টাস্কফোর্স গঠনের কথা উল্লেখ করে আবুল কালাম আজাদ বলেন, "টাস্কফোর্সের মাধ্যমে অশ্লীল ছবির বিরুদ্ধে ১২৯টি অভিযান চালানো হয়েছে। অতীতে দীর্ঘদিনের এ প্রক্রিয়া একদিনে বন্ধ করা সম্ভব নয়। এজন্য আরো কিছুটা সময় লাগবে।"
জেলা পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করতে প্রতিটি জেলায় গণগ্রন্থাগার স্থাপন করা হবে বলেও তিনি জানান।
প্রত
bdnews24