নাটোর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর সদর উপজেলার ছাতনী ভাটপাড়া গ্রামে রোববার রাতে আওয়ামী লীগের এক কর্মীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আলমগীর হোসেন (২৮) একই গ্রামের আফছার আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, রোববার গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটেছে। সোমবার সকালে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
আলমগীর আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা মোবাইল ফোনে আলমগীরকে ছাতনী ভাটপাড়া গ্রামের রাস্তার ওপর ডেকে নিয়ে যায়। পরে গভীর রাতে তাকে জবাই করে হত্যা করে ফেলে রেখে যায়।
তিনি বলেন, রাতেই গ্রামের লোকজন তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ সোমবার সকালে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে।
ওসি আল মামুন আরও জানান, আলমগীর মাঝে মধ্যে আওয়ামী লীগ নেতা হানিফ শেখের মালিকানাধীন দৈনিক উত্তরবঙ্গ বার্তা পত্রিকাও বিক্রি করতেন। তার মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১১৫২ ঘ.
bdnews24