ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি জামায়াতে ইসলামী নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মো. কামারুজ্জামান ও কাদের মোল্লাকে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দেখানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা আবেদনের ওপর সোমবার শুনানি হবে।
মানবতাবিরোধী অপরাধ বিচারে পুরানো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে সকাল সাড়ে ১০টায় এ শুনানি শুরু হবে বলে রোববার দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনূর ইসলাম সাংবাদিকদের জানান।
এর আগে সকালে এজন্য গঠিত আইনজীবী সংস্থার প্রধান গোলাম আরিফ টিপু আবেদনটি তার কাছে জমা দেন।
১৯৭৩ সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট এর ৩/২ ধারার অপরাধ তদন্তের স্বার্থে এ আবেদন জানানো হয়েছে। এ ধারায় হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের কথা উল্লেখ রয়েছে।
আবেদন জমা দেওয়ার পর গোলাম আরিফ টিপু ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বলেন, "এ চারজন যাতে পালিয়ে যেতে না পারে বা তদন্ত কাজে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে সেজন্য এ আবেদন করা হয়েছে।"
আবেদনের শুনানি কবে হবে তা ট্রাইব্যুনাল নির্ধারণ করবে বলে তিনি জানান।
এক প্রশ্নের জবাবে টিপু বলেন, "পল্লবী বা কেরানীগঞ্জের মুক্তিযোদ্ধা হত্যা মামলা নিয়ে আমরা ভাবছি না। আমাদের মূল দৃষ্টি ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ নিয়ে।"
প্রেস ব্রিফিংয়ে আইনজীবী প্যানেলের সদস্য সৈয়দ রেজাউর রহমান, সৈয়দ হায়দার আলী, আব্দুর রহমান হাওলাদার ও মোখলেসুর রহমান বাদল উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামান ও কাদের মোল্লাকে স
bdnews24