চট্টগ্রাম, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেছে সরকার সমর্থিত ডক বন্দর শ্রমিক কর্মচারি ফেডারেশন।
রোববার বিকাল ৪টা থেকে ৮টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃৃপক্ষের ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন ফেডারেশনের নেতারা।
গত শনিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বন্দরের যাচাইবাছাাইকৃত শ্রমিকদের নিয়োগ, শ্রমিকদের পরিচয়পত্র প্রদান, ডক শ্রমিক পরিচালনা বোর্ড চালুসহ বিভিন্ন দাবিতে সোম, মঙ্গল ও বৃহস্পতিবার দুই ঘণ্টা করে এবং ১ থেকে ৩ আগস্ট চার ঘণ্টা করে কর্মবিরতির ডাক দেয়।
ফেডারেশনের সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্দর কর্তৃপক্ষের ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসু বৈঠকের পরিপ্রেক্ষিতে আমরা কর্মবিরতি স্থগিত করেছি।"
তিনি বলেন, বৈঠকে শ্রমিকদের পরিচয়পত্র প্রদানের জন্য সার্কুলার জারি, বহির্নোঙরে ডক শ্রমিক ও স্টিভিডোরিং স্টাফ নিয়োগে সার্কুলার জারি এবং যাচাইবাছাইকৃত শ্রমিকদের নিবন্ধনের তালিকা প্রকাশের বিষয়ে বৈঠকে বন্দর কর্তৃপক্ষের ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে ঐক্যমত্য হয়েছে।
বৈঠকে কর্মকর্তারা অন্য দাবিসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।
বৈঠকে বন্দরের সদস্য প্রকৌশল ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক চৌধুরী, পরিচালক (ট্রাফিক) মোয়াজ্জেম হোসেন, সদস্য (হারবার) ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ এবং ফেডারেশনের পক্ষে সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান খান, আব্দুল আহাদ ও মো. আলমগীরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শনিবার নগরীর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেয় ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান।
কর্মসূচির মধ্যে ছিল- রোববার বন্দর ভবনের সামনে অবস্থান নেওয়া, সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন এবং ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টার কর্মবিরতি পালন।
এরমধ্যে রোববার সকালে ফেডারেশনের শ্রমিক কর্মচারিরা বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২১৪৬ ঘ.
bdnews24