নরসিংদী, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীর বেলাব উপজেলায় ডাকাতরা ছুরিকাঘাত করে এক ব্যক্তিকে হত্যা করেছে।
তাদের হামলায় আহত হয়েছে আরো দুজন। ডাকাতরা তাদের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
রোববার উপজেলার পাতিলধোয়ায় সকাল সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের নাম- দুলাল মিয়া (২৮)। তার বাড়ি ব্র্াহ্মণবাড়িয়ার আশুগঞ্জে।
বেলাব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে দুলাল মিয়া তার বড় ভাই হেলাল মিয়া ও অপর এক ব্যবসায়ী মাজু মিয়াকে নিয়ে আশুগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে উঠেন।
চালক ভৈরব বাসস্ট্যান্ড থেকে আরো ছয় যাত্রীকে ওঠায়। গাড়িটি বেলাব উপজেলার পাতিলধোয়ায় এলে যাত্রীবেশি ছয় ডাকাত দুলাল, হেলাল ও মাজুকে ছুরিকাঘাত করে মুল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
চিৎকার শুনে অন্য যানবাহনের যাত্রীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। আহতদের ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর দুলাল মারা যান।
এ ব্যাপারে বেলাব থানায় মামলা হয়েছে বলে জানান এসআই আনোয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮২০ ঘ.
bdnews24