কুড়িগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন নদ-নদীর পানি সামান্য হ্রাস পেলেও কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
শনিবার সন্ধ্যায় ধরলা নদীর পানি বিপদসীমার ৭ সে. মি. ও ব্রক্ষ্মপুত্র নদের পানি বিপদসীমার ১৪ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি কমার সঙ্গে সঙ্গে ধরলা, তিস্তা, ব্রক্ষ্মপুত্র ও দুধকুমার নদীর ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায় ।
কুড়িগ্রাম পাউবো'র উপ-বিভাগীয় প্রকৌশলী সবিবুর রহমান জানান, জেলার অন্তত ২০টি পয়েন্টে নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙন রোধে সর্বাত্মক চেষ্টা চালালেও পানির তোড়ে সে চেষ্টা ব্যর্থ হচ্ছে।
সন্ধ্যায় জেলা ত্রাণ দপ্তরের প্রধান অফিস সহকারী শাহাদত হোসেন জানান, গত ৪৮ ঘণ্টায় ১৪টি ইউনিয়নের ৭১৫টি পরিবার ভিটেমাটি হারিয়েছে।
ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার জানান, দক্ষিণ তিলাই, উত্তর তিলাই, কামাত আঙ্গারিয়া, নলেয়া, পাইকডাঙ্গা, পাইকেরছড়া, মাহিগঞ্জ, চরবলদিয়া, হেলডাঙ্গা, বারুইটারী, সতিপুরী ও ধাউরারকুটি বন্যা কবলিত এলাকার প্রায় ছয় হাজার পরিবার মানবেতর জীবনযাপন করছে। তাদের গবাদি পশু ও হাঁসমুরগি নিয়ে মানুষ পড়েছে বিপাকে। গত চারদিন থেকে এ অবস্থা চললেও সরকারিভাবে কোনো ত্রাণ পৌঁছেনি।
ইতোমধ্যে সাতটি ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম সোনাহাট রেলওয়ে সেতু রক্ষাবাঁধ ভেঙে যাওয়ায় সোনাহাট সেতু ও সংলগ্ন পাকা রাস্তাটি হুমকির মুখে পড়েছে।
উলিপুর উপজেলার সাহেবেরে আলগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজামাল হক জানান, দৈ খাওয়া, সাহেবের আলগা ও চর বাগুয়ায় বন্যা ও ভাঙনের ফলে এ পর্যন্ত ১৪৫টি বাড়ি সরানো হয়েছে। এখানে তিনটি স্কুল ভাঙনের মূখে পড়েছে। ভাঙনে দৈ খাওয়া বিডিআর বিওপি ক্যাম্পের জওয়ানরা দৈ খাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিলেও স্কুলটি এখন ভাঙনের মুখে পড়েছে।
বজরা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কাদের জানান, এলাকার চর বেষ্টিত গ্রামগুলি এখন পানিতে তলিয়ে আছে। এছাড়াও ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৮০ পরিবার। ভাঙনের মুখে আছে খামারদামার, বিরহিম, সাতালস্কর ও চর বজরা গ্রাম।
বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবলু মিয়া জানান, এখানে এ পর্যন্ত ৮৩টি বাড়ি ভেঙে গেছে। বর্তমানে ভাঙছে ক্ষুদির কুটি, বালাডোবা ও মশালের চর।
সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী সরকার জানান, এ পর্যন্ত এলাকায় ১৬৪টি বাড়ি ভেঙে গেছে। বন্যার কারণে চরের স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। দিনমজুররা কাজ পাচ্ছে না। এখানে কালির আলগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ নদীগর্ভে বিলীন হয়েছে। স্কুলটি এখন ভাঙনের মুখে।
পাঁচগাছি ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টার জানান, বন্যার ফলে তার এলাকার গোবিন্দপুর, আরাজী কদমতলা, নওয়াবশ ও চরসিতাইঝার এলাকার শত শত হেক্টর সবজি ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এছাড়া এলাকার ৭৫টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২১০০ ঘ.
bdnews24