২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: উপদেষ্টা

রমজানে বিদ্যুত পাওয়া নিশ্চিত করতে সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানী বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 11:58 AM

Updated : 25 Aug 2022, 04:32 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রমজানে বিদ্যুত পাওয়া নিশ্চিত করতে সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানী বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেন, "রমজানের আগেই রক্ষণাবেক্ষণে থাকা কেন্দ্রগুলো আবারো উৎপাদনে যাচ্ছে। ভাড়ায় চালিত কয়েকটি বিদ্যুৎকেন্দ্রও এরমধ্যে চলে আসবে। এতে রমজানে সাড়ে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।" বিদ্যুত উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী, শনিবার দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ছিল ৩ হাজার ৯৪২ মেগাওয়াট। রক্ষণাবেক্ষণে থাকার কারণে দেশের সাতটি বিদ্যুৎকেন্দ্রে ৯২৭ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি ছিল। দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় ৫ হাজার ৫০ মেগাওয়াট। ঢাকার বিদ্যুৎ ভবনের ডিপিডিসি সভাকক্ষে শনিবার 'ইউনিফাইড কোয়ালিটেটিভ প্রিপেইড মিটার' শীর্ষক এক কারিগরি অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব তাপস কুমার রায়ের সভাপতিত্বে অধিবেশনে বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ এবং পিডিবি'র সদস্য (বিতরণ) ও প্রিপেইড মিটার বিষয়ক কারিগরি কমিটির প্রধান কে জি এ রাব্বানী। এ ছাড়া বিভিন্ন দেশি-বিদেশি প্রিপেইড মিটার প্রস্তুতকারক ও বিতরণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানান, বিদ্যুতের সংকট মোকাবেলায় লোড ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের সরবরাহ নিশ্চিত করা হবে। তিনি বলেন, "পর্যায়ক্রমে সারাদেশে বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে প্রি-পেইড মিটার চালু করা হবে। এতে বিদ্যুতের সাশ্রয় হবে এবং সিস্টেম লসও অনেক কমে আসবে।" জ্বালানী উপদেষ্টা জানান, আগামী ২০১১ সালের মধ্যে এই কার্যক্রম শুরু হবে। ধাপে ধাপে সারাদেশে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ ব্যবস্থা পুরোপুরি চালু হতে দ্ইু থেকে তিন বছর সময় লাগবে। তৌফিক-ই-ইলাহী বলেন, "বর্তমানে দেশে প্রায় ৬০ হাজার গ্রাহক প্রি-পেইড মিটার ব্যবহার করছে। সারাদেশে প্রি-পেইড মিটারিং সিস্টেম চালু হলে বিদ্যুতের লোড এবং বিতরণ ব্যবস্থাপনা আরো সহজ ও কার্যকর হবে।" বুয়েটের আইসিটি বিভাগের অধ্যাপক এবং প্রি-পেইড মিটার বিষয়ক কারিগরি কমিটির সদস্য ড. লুৎফুল কবীর অনুষ্ঠানে প্রি-পেইড মিটার চালুর বিষয়ে বিভিন্ন সুপারিশ ও প্রযুক্তিগত দিক তুলে ধরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/১৭৫৬ঘ.