পাবনা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার বেড়া উপজেলায় একজন কর্মকর্তাসহ পুলিশের তিন সদস্য হত্যার ঘটনায় জড়িত সন্দেহে শনিবার আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার তাজু শেখ (৩০) এবং তার শ্বশুর ঢালারচর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের গ্রাম্য চিকিৎসক আব্দুর রশিদ (৫০)।
পুলিশ জানায়, তাজু শেখকে রাজবাড়ী সদর এলাকা থেকে এবং তার শ্বশুর রশিদকে গোয়ালনগরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বেড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এসএসপি) খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই চরমপন্থীদলের সঙ্গে যুক্ত।
এর আগে বৃহস্পতিবার সুজানগর উপজেলার হাসানপুর গ্রামের নাদের প্রামাণিক (৫০) এবং বেড়া উপজেলার রাজধরদিয়া চরের ওয়াজেদ আলীকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ।
গত মঙ্গলবার বেড়ার মাসুমদিয়া ইউনিয়নের রাজধরদিয়া চরে চরমপন্থীদের গুলিতে ঢালারচর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কফিলুদ্দিন, নায়েক ওয়াহেদুল ইসলাম ও কনস্টেবল শফিক আহমেদ নিহত হন।
হত্যাকাণ্ডের পর পাবনার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মোশারোফ হোসেন মিয়াজীর নেতৃত্বে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৫০ ঘ.
bdnews24