২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধের বিচার না হলে কলঙ্ক ঘুচবে না'

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের বিচার না হলে জাতির কলঙ্ক ঘুচবে না বলে মনে করেন সেক্টর কমান্ডারস ফোরাম নেতা পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 05:20 PM

Updated : 25 Aug 2022, 04:27 PM

টাঙ্গাইল, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের বিচার না হলে জাতির কলঙ্ক ঘুচবে না বলে মনে করেন সেক্টর কমান্ডারস ফোরাম নেতা পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। তিনি বলেন, "যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, হত্যা, নির্যাতন ও মা-বোনদের ধর্ষণে সহায়তা করেছে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে না পারলে আমাদের কলঙ্ক মোচন হবে না।" শুক্রবার টাঙ্গাইল শাখা সেক্টর কমান্ডারস ফোরামের নতুন কমিটির অভিষেক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কে খন্দকার এ কথা বলেন। বিচার প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "যারা দোষী সাব্যস্ত হবে তারা শাস্তি পাবে। আমরা চাই না কোনো নিরাপরাধ ব্যক্তির শাস্তি হোক।" একাত্তরের যুদ্ধাপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে টাঙ্গাইল শহরের সিডিসি নাট্যমঞ্চে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ফোরাম এর ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী, সাধারণ সম্পাদক অপসরপ্রাপ্তর লেফটেন্যান্ট জেনারেলএম হারুন অর রশিদ প্রমুখ। টাঙ্গাইল শাখা ফোরাম এর সভাপতি প্রকৌশলী আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান খান শাজাহান, জেলা জাসদ (ইনু) এর সভাপতি তারাপদ দে, সিপিবি'র সভাপতি নাজির হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১০ ঘ.