২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৎস্যজীবী হিসাবে জরিপ করবে সরকার

মৎস্যজীবীদের সংখ্যা ঠিক করতে সরকার জরিপ চালাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 01:16 PM

Updated : 25 Aug 2022, 04:29 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৎস্যজীবীদের সংখ্যা ঠিক করতে সরকার জরিপ চালাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার বিকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে মৎস্য মেলা ২০১০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থমন্ত্রী। শুক্রবার থেকে শুরু হয়ে পাঁচ দিনব্যাপী মৎস্য মেলা চলবে ২৭ জুলাই পর্যন্ত। আবুল মাল আব্দুল মুহিত বলেন, "এ পেশার লোকদের কোনো পরিসংখ্যান সরকারের কাছে নেই। তাই আগামীতে মৎস্যজীবীদের সংখ্যা নির্ধারণে জরিপ করা হবে।" অনেক প্রজাতির মাছ ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আর যাতে কোন প্রজাতির মাছ বিলুপ্ত না হয় সেদিকে আমাদের নজর দিতে হবে। অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, গ্রামীণ জনগোষ্ঠী তাদের জীবন ও জীবিকা নির্বাহে মাছ চাষের উপর অনেকটা নির্ভরশীল। কিন্তু প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট নানাবিধ কারণে মাছের আবাসস্থল অবক্ষয় ও পরিবেশগত পরিবর্তনে তাদের বংশবিস্তার ও উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এজন্য দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানোর জন্য সরকার কাজ করছে বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাস, মন্ত্রনালয়ের সচিব মো. শরফুল আলম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. মাহবুবুর রহমান খান। 'মাছের উৎপাদন বৃদ্ধি কর, খাদ্য নিরাপত্তা নিশ্চিত কর' এ স্লোগানে ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন করছে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়। মেলায় মোট ৩৯টি স্টল রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জিএনএ/১৯১৩ ঘ.