হবিগঞ্জ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুক্রবার অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে র্যাব।
তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ শহরতলীর উমেদনগর গ্রামের আব্দুস সামাদ শিপন (২৫), শায়েস্তানগর এলাকার আব্দুল মুহিন চৌধুরী মিশু (২২), শ্যামলী এলাকার ইনজামাম আহমেদ এহতেশাম (২৪) ও হাবিবুর রহমান চৌধুরী রাজিব (২২) ও শহরের হরিপুর এলাকার ইমাম হাসান (২৪)।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কাউছার মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোররাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে এই পাঁচ যুবককে আটক করা হয়।
প্রথমে শহরের বাণিজ্যিক এলাকা থেকে রাজীব ও ইমামকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শিপনের বাড়ি থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।
এরপর মিশুর বাসা থেকে একটি বিদেশি এলজিসহ তাকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্য অনুযায়ী পরে এহতেশামকে আটক করা হয়।
র্যাব কর্মকর্তা কাউছার বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃতরা বলেছেন অস্ত্রগুলো এহতেশামের।
তিনি জানান, তাদের সদর থানায় হস্তান্তর ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৫৯ ঘ.
bdnews24