২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শমসের মবিন জামিনে মুক্ত

হরতালের দিন গ্রেপ্তার বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 07:06 PM

Updated : 25 Aug 2022, 04:23 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের দিন গ্রেপ্তার বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। ঢাকা কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন "আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে আটক করা হয়েছে, আইনি লড়াইয়ের মাধ্যমে আমি মুক্ত হয়েছি। আমার জন্য দলের নেতা-কর্মীরা আন্দোলন করেছেন সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। " কারাগারের প্রধান ফটকের বাইরে আসার পর শমসের মবিনকে দলের নেতা-কর্মীরা ফুল দিয়ে বরণ করে নেয়। এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, আব্দুস সালাম, সাংসদ শাম্মী আক্তার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক সফিউল বারী বাবুসহ মহানগরের ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ২৭ জুন বিএনপির ডাকা হরতালের সময় মহাখালী ওয়ারলেস এলাকা থেকে শমসের মবিনকে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হরতালের আগের রাতে রাজধানীতে একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ফারুক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। উচ্চতর আদালত থেকে বুধবার শমসের মবিন দুই মাসের জামিন পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জিএনএ/২২৫৫ ঘ.