২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ত: 'চার মাসে ১৪ কিশোরীর আত্মহত্যা'

দেশে গত চার মাসে বখাটের উৎপাতে ১৪ কিশোরী আত্মহত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 02:53 PM

Updated : 25 Aug 2022, 04:24 PM

নাটোর, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশে গত চার মাসে বখাটের উৎপাতে ১৪ কিশোরী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার নাটোরে আয়োজিত 'কৈশোর সুরক্ষায় হবো সচেতন' শীর্ষক এক সেমিনারে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে বর্তমানে এক কোটি ৩৮ লাখ কিশোরী রয়েছে, যারা প্রতিনিয়ত উত্ত্যক্ত হচ্ছে। নাটোর শহরের একটি রেস্তোরাঁয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আয়োজিত এই সেমিনারে জানানো হয়, জরিপ করে দেখা গেছে যেসব বিয়ে হচ্ছে তার মধ্যে ৭৩ ভাগই অপ্রাপ্ত বয়সের কিশোরী। ব্র্যাক'র আঞ্চলিক ব্যবস্থাপক গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক কর্মকর্তা মুসলিমা খানম। সেমিনারে বলা হয়, বখাটের উৎপাত থেকে কিশোরীদের রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। নিজের কিশোর ছেলেটিকে নৈতিকতা শিক্ষা দিতে হবে। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা ছাড়া শুধু আইন করে এ থেকে রক্ষা পাওয়া যাবে না। সেমিনারে আরো বক্তব্য রাখেন- জেলা যুব উন্নয়ন কর্মকর্তা গণেশ চন্দ্র ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা বানু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৬ ঘ.