২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউসিও'র সহায়তায় কাস্টমস হাউজের আধুনিকায়ন হচ্ছে

দেশের শুল্ক ব্যবস্থার আধুনিকায়ন ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কাস্টমস হাউজগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 08:12 AM

Updated : 26 Apr 2022, 01:15 AM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের শুল্ক ব্যবস্থার আধুনিকায়ন ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কাস্টমস হাউজগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য শিগগিরই বিশ্ব কাস্টমস সংস্থার (ডব্লিউসিও) সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড একটি আগ্রহপত্র (লেটার অব ইনটেন্ট) স্বাক্ষর করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে 'কাস্টমস অ্যান্ড বিজনেস: ইমপ্র"ভিং পারফরম্যান্স থ্রু পার্টনারশিপ' শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, "আমরা ডব্লিউসিওর সদস্য হলেও অনেক সুবিধাই পাচ্ছি না। তাই কাস্টমস হাউজগুলোর আধুনিকায়ন ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ডব্লিউসিওর সঙ্গে একটি লেটার অব ইনটেন্ট সাক্ষর করবো আমরা।" তিনি জানান, এতে কাস্টমস হাউজগুলোর কাজে সমন্বয় বাড়িয়ে মানোন্নয়নের ব্যাপারে সহায়তা করবে ডব্লিউসিও। ডব্লিউসিও বিশ্বের বিভিন্ন দেশের কাস্টমস ব্যবস্থার উন্নয়নে কাজ করে। আন্তঃসরকার এ সংস্থার বর্তমান সদস্য সংখ্যা ১৭৬টি। স্বাধীনতার পরপরই বাংলাদেশ এ সংস্থার সদস্য হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহের মধ্যেই ডব্লিউসিওর সঙ্গে আগ্রহপত্র সাক্ষর হবে। তিনি বলেন, "আমাদের কাস্টমস হাউজগুলোর সমস্যার অভাব নেই। এসব সমস্যার মধ্যে রয়েছে অনুন্নত ব্যবস্থাপনা ও প্রশাসন, ক্লিয়ারেন্স সমস্যা ও দক্ষতার অভাব ইত্যাদি। এসব সমস্যা সমাধানে ওদের (ডব্লিউসিও) সহায়তা নিতে হবে।" নাসিরউদ্দিন আহমেদ আরো জানান, আগ্রহপত্র সাক্ষরের পর ডব্লিউসিওর কর্মকর্তারা দেশের কাস্টমস হাউজগুলো পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করবেন। এরপর সেসবের সমাধানে কাজ করবেন তারা। দেশে বর্তমানে চারটি কাস্টমস হাউজ রয়েছে। এগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, মংলা ও বেনাপোল। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম কাস্টমস হাউজের বেশকিছু কাজ অটোমেশন পদ্ধতিতে হচ্ছে। চার কাস্টমস হাউজকেই অটোমেশন করা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। সেমিনারে ডব্লিউসিওর মহাসচিব কুনিও মিকুরিয়া জানান, বাংলাদেশের কাস্টমস হাউজগুলোর দক্ষতা বাড়ানোর ব্যাপারে সব ধরনের সহায়তা দিতে রাজি তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/এইচএ/১৪০০ ঘ.