২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদের চিঠির জবাবে বিএনপির চিঠি

সংবিধান সংশোধনে সর্বদলীয় কমিটি গঠন সংক্রান্ত চিফ হুইপের চিঠির জবাব দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 04:20 PM

Updated : 25 Aug 2022, 04:11 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে সর্বদলীয় কমিটি গঠন সংক্রান্ত চিফ হুইপের চিঠির জবাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার রাত ১১টার দিকে বিশেষ বার্তা বাহকের মাধ্যমে চিফ হুইপ আব্দুস শহীদের কাছে এই চিঠি পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। এর আগে রাতে খালেদা জিয়ার সঙ্গে দলের জ্যেষ্ঠ আইনজীবী নেতাদের বৈঠকের পর বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, ''সরকারি দলের প্রধান হুইপের চিঠির জবাব দেওয়া সিদ্ধান্ত হয়েছে। আমার স্বাক্ষরিত এই চিঠি চিফ হুইপকে আজ (মঙ্গলবার) রাতেই পৌঁছে দেওয়া হবে।'' সর্বদলীয় কমিটিতে নাম দেওয়া হবে কিনা জানতে চাইলে এই বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি। রাত সাড়ে ৮টায় গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে দলের আইনজীবী নেতাদের জরুরি বৈঠক বসে। বৈঠকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, প্রবীণ আইনজীবী ও দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, সাবেক আইনমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ এম কে আনোয়ার এবং সালাহউদ্দিন কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। এই বৈঠকের পরই খালেদা জিয়া অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেন। পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য প্রস্তাবিত সর্বদলীয় কমিটিতে নাম চেয়ে রোববার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে চিঠি পাঠান সরকারি দলের পক্ষে সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ। এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন যে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সংবিধান সংশোধনে একটি সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করা হবে। সর্বদলীয় কমিটিতে জামায়াতে ইসলামীকে রাখা হবে না বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ। ২০০৫ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে সংবিধানের পঞ্চম সংশোধনী 'বেআইনী' ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। গণতন্ত্র রক্ষায় সংবিধানের পঞ্চম সংশোধনী 'অপরিহার্য' বলে দাবি করছে প্রধান বিরোধী দল বিএনপি। তবে এই সংশোধনীকে 'বেআইনি ও অসাংবিধানিক' আখ্যায়িত করেছে আওয়ামী লীগ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার তিন মাস পর একই বছরের ৩ নভেম্বর ক্ষমতায় আরোহণ করেন সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমান। এর কিছুদিনের মধ্যেই তিনি সংবিধানে মৌলিক পরিবর্তন আনেন। এই 'পঞ্চম সংশোধনীর' মধ্যে দিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী বাহিনীকে সহায়তাকারী এ দেশীয় দোসররা রাজনীতিতে অংশ নেওয়ার সুযোগ পায়। সংবিধানে কোনো পরিবর্তন আনতে হলে সাংসদদের দুই তৃতীয়াংশের সম্মতি লাগে। সংবিধানে জিয়াউর রহমান 'সমাজতন্ত্র' শব্দটি বাদ দিয়ে প্রস্তাবনায় 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' অন্তর্ভুক্ত করেন। এছাড়া তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের এপ্রিল পর্যন্ত রাজনৈতিক ঘটনাবলী আদালতে চ্যালেঞ্জ করার উপরও নিষেধাজ্ঞা জারি করেন। সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতি করার সুযোগ হারাবে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/এইচএ/০১০৪ ঘ.