২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুপক্ষের সংঘর্ষে পুলিশের সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 11:04 AM

Updated : 25 Aug 2022, 04:14 PM

ফরিদপুর, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুপক্ষের সংঘর্ষে পুলিশের সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ১৫ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামের কোব্বাত মাতুব্বর ও গোয়ালবেড়া গ্রামের আমানত মাতুব্বরের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। আহত ভাঙ্গা থানার এএসআই আনোয়ার হোসেন (৩৮) ও কনস্টেবল জুবায়ের হোসেনকে (২৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার সকাল ৭টার দিকে কোব্বাত মাতুব্বর ও আমানত মাতুব্বরের সমর্থকরা ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি অবস্থান নেয়। তিনি বলেন, এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ সময় ইটের আঘাতে আনোয়ার ও জুবায়েরসহ ১৫ জন আহত হয় বলে জানান ওসি রফিকুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩২২ ঘ.