ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে সোমবার শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণীর একক ভাস্কর্য প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ২৮ জুলাই পর্যন্ত।
সন্ধ্যা সাড়ে ৬টায় 'বনলতা' শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ।
প্রদর্শনীতে ৮৭টি ভাস্কর্য রাখা হয়েছে। সবার জন্য উম্মুক্ত এ প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ফেরদৌসী একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় অনেক নারী নির্যাতিত হয়েছে, কিন্তু তারা লজ্জায় মুখ খোলেনি। এক্ষেত্রে ফেরদৌসী ব্যতিক্রম।
তিনি বলেন, ভাস্কর ফেরদৌসী কুড়ানো জিনিসপত্র দিয়ে ভাস্কর্য তৈরি করে উপন্যাসের মতো উপস্থাপন করেন।
শাহাবুদ্দিন আহমেদ বলেন, তার (ফেরদৌসী) ভাস্কর্যের অবয়ব দেখে মানুষের ভেতরটা কখনো বরফ, আবার কখনো আগুনের মতো উত্তপ্ত হয়ে ওঠে।
ফেরদৌসী প্রিয়ভাষিণী বলেন, "দীর্ঘদিন ধরে কাজ করছি। আমার ভেতরে ষড়ঋতু ঘোরাফেরা করে। ঋতু থেকে শিক্ষা গ্রহণ করে ঘাস, পাতা ও লতা দিয়ে সৌন্দর্য রচনা করি।"
বেঙ্গল শিল্পালয় এবার নিয়ে পাঁচবার তার প্রদশর্নীর আয়োজন করায় কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, এইচএসবিসি বাংলাদেশে এর প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশ ও বেঙ্গল ফাউণ্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
এ পর্যন্ত ফেরদৌসীর ১০টি একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/ডিডি/২০২০ ঘ.
bdnews24