ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গৃহকর্মীকে নির্যাতন করে হত্যার অভিযোগে একজন উপসচিবের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার সন্ধ্যায় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব সোলায়মান আলী মণ্ডলের বিরুদ্ধে পল্টন থানায় মামলাটি করেন গৃহকর্মীর বাবা নূর ইসলাম।
মামলায় উপসচিব সোলায়মানের পরিবারের সদস্যদেরও আসামি করা হয়েছে। ঘটনার পরদিন থেকে উপসচিব ছুটিতে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রংপুর প্রতিনিধি জানান, নুরজাহান বেগম (১৩) নামের এই গৃহকর্মীর বাড়ি রংপুরের সদর উপজেলার সাতগাড়া ইউনিয়নের সম্মানীপুর হাজিপাড়া গ্রামে।
মামলার এজাহারের বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নুরজাহান ১১২, শান্তিনগর গাজী অর্কিডের ৫০৪ নম্বর ফ্ল্যাটে উপসচিব সোলায়মান মণ্ডলের বাসায় কাজ করতো।
গত ১৩ জুলাই 'ডায়রিয়া আক্রান্ত হয়ে নুরজাহান মারা গেছে' বলে সোলায়মান মণ্ডল মৃতদেহটি রংপুরের কেডিসি রোডের একটি ছাত্রাবাসে নিয়ে মেয়ের বাবাকে খবর দেন।
সেখানে একটি পিকআপ ভ্যানে মৃতদেহটি তুলে দিয়ে তিনি ঢাকায় চলে আসেন।
নুরজাহানের শরীরে নির্যাতনের চিহ্ন দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা রংপুর কোতয়ালি থানাকে বিষয়টি জানান। পরে মৃতদেহের ময়না তদন্ত করে নির্যাতনের আলামত পাওয়া যায়।
এসআই কামরুজ্জামান জানান, বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এবং আরডিআরএস এর সহযোগিতায় নুরজাহানের বাবা নূর ইসলাম মামলাটি করেছেন।
তিনি বলেন, অভিযুক্ত এই কর্মকর্তা ঘটনার পরদিন থেকেই ছুটিতে আছেন। তাকে খোঁজা হচ্ছে। তার উর্ধ্বতন কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে।
নুরজাহানের লাশ রংপুর পাঠানোর পরদিন গত বুধবার রাতে তার বাবা নূর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, তিন বছর আগে গ্রামের একজনের মাধ্যমে সোলায়মান মণ্ডলের বাসায় পাঠানো হয় নুরজাহানকে। এরপর একবারও তাকে বাড়ি আসতে দেওয়া হয়নি।
তিনি বলেন, সোলায়মান মণ্ডলের বাড়ি রংপুর শহরের লালবাগ এলাকায় হওয়ায় নিজেদের অভাব অনটনের কথা ভেবে মেয়েকে ওই বাসায় কাজে দেন তারা। তারা মেয়েকে মানুষ করে বিয়ে-শাদী দিবে বলেও কথা দিয়েছিলেন।
প্রতি মাসে দু'শ' টাকা করে দেওয়ার কথা থাকলেও তা দেয়নি বলেও অভিযোগ করেন নূর ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/পিসি/এমএসবি/২৩১৫ ঘ.
bdnews24