২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজ বন্ধ রেখেছেন টেকনাফ বন্দরের ব্যবসায়ীরা

মিয়ানমার থেকে আমদানি করা কাঠসহ একটি ট্রলার এবং ওই দেশের নয় নাগরিককে আটকের ঘটনায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ীরা কাজ বন্ধ রেখেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 10:43 AM

Updated : 25 Aug 2022, 04:15 PM

কক্সবাজার, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মিয়ানমার থেকে আমদানি করা কাঠসহ একটি ট্রলার এবং ওই দেশের নয় নাগরিককে আটকের ঘটনায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ীরা কাজ বন্ধ রেখেছেন। টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশন সোমবার বিকাল ৪টা থেকে আমদানি-রপ্তানি কাজ বন্ধ করে দেয়। আগেরদিন মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড) ৩৫০ ঘনফুট কাঠ বোঝাই ট্রলারটি আটক করে। ট্রলারের সারেং ও কর্মীসহ নয়জন মিয়ানমার নাগরিককে টেকনাফ থানায় সোপর্দ করে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম এম নাজিম উদ্দিন সাংবাদিকদের জানান, বিষয়টি জানার পর তিনি কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করলেও তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এই ঘটনায় রমজানের আগে চোলা আমদানিতেও সমস্যা হতে পারে বলে তিনি আশংকা করছেন। টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর জানান, ব্যবসায়ী মোহাম্মদ কামরুজ্জামানের মালিকানাধীন শাকিল ট্রেডার্সের ৩৫০ ঘনফুট কাঠ বোঝাই মিয়ানমারের এই ট্রলারটি সেন্টমার্টিন উপকূলে কোস্টগার্ড সদস্যরা আটক করেন। কোস্টগার্ডের অভিযোগ, মিয়ানমার থেকে এসব কাঠ আমদানির কোনো বৈধ কাগজপত্র নেই। এছাড়া ট্রলারে ৮০ ক্যান বিয়ার পাওয়া যায়। ব্যবসায়ী সমিতির নেতা এহতেশামুল হক দাবি করেন, মিয়ানমার থেকে আমদানি করা কাঠ ও খাদ্য জাতীয় পণ্য বৈধ পথে আসে না। টেকনাফ বন্দরে আসার পর সরকারকে আমদানি শুল্ক ও অন্যান্য কর দিয়ে সেটা বৈধ করা হয়। এছাড়া মিয়ানমার থেকে পণ্য নিয়ে আসা কার্গো ট্রলারে সংশ্লিষ্ট কোনো কাগজপত্র থাকে না বলেও তিনি দাবি করেন। এহতেশামুল হক বলেন, কোস্টগার্ড ট্রলারটি আটক করার পর প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে জমা দেওয়া হয়েছিলো। কোস্টগার্ড বলেছিলো, কাগজপত্র পাওয়ার পর ট্রলার, মিয়ানমার নাগরিক ও কাঠ ছেড়ে দেওয়া হবে। কিন্তু তারা তা না করে মিয়ানমার নাগরিকদের টেকনাফ থানায় সোপর্দ করেছে। শাকিল ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ কামরুজ্জামান জানান, এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ীরা কাজকর্ম বন্ধ রেখেছে। সিএন্ডএফ এসোসিয়েশনের নেতা এহতেশামুল বলেন, বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত তারা কাজকর্ম বন্ধ রাখবেন। টেকনাফ স্থলবন্দর কাস্টমস ও ভ্যাট কর্মকর্তা আনোয়ার মাসুম সাংবাদিকদের জানান, শাকিল ট্রেডার্স তাদের আমদানি করা কাঠের আইজিএম (ট্রলারে থাকা আমদানিকৃত পণ্যের তালিকা) জমা দিয়েছে রোববার ১৮ জুলাই। যার আইজিএম নাম্বার ৯২০। কোস্টগার্ডের চট্টগ্রাম অপারেশন অফিসার লেফট্যানেন্ট কমান্ডার মোহাম্মদ ইলিয়াছ জানান, ট্রলারটিতে অবৈধ কাঠ ও মদ পাওয়ায় তা আটক করা হয়েছে। আটককৃত মিয়ানমার নাগরিকদের পুলিশে সোপর্দ করা হয়েছে। টেকনাফ থানার ওসি খালেদ চৌধুরী জানান, থানায় সোপর্দ করা হলেও বিকাল সাড়ে ৫টা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। টেকনাফ স্থল বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ডপোর্ট লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খালেক চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪২ ঘ.