ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে গণপিটুনিতে ছয় 'ডাকাত' নিহত ও অপর ছয় 'ডাকাত' আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
সোমবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি তাদের এ উদ্বেগের কথা জানায়।
রোববার গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুরে 'ডাকাতি' করে পালানোর সময় গণপিটুনিতে এ হতাহতের ঘটনা ঘটে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এভাবে মানুষকে পিটিয়ে হত্যা করা আইনি প্রক্রিয়ার প্রতি জনগণের অনাস্থার পরিচায়ক।
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় এনে এ ধরনের প্রবণতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্যও সরকারের প্রতি দাবি জানানো হয়।
এছাড়া কাশিমপুরের ইউপি চেয়ারম্যান শওকত হোসেন 'ডাকাত' ধরায় প্রত্যেককে পুরস্কৃত করার যে ঘোষণা দিয়েছেন তারও সমালোচনা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা এর আগেও দেখেছি স্বয়ং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জনগণকে আইন নিজের হাতে তুলে নেওয়ার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে।
তাতে বলা হয়, এটিও সেরকমই আরেকটি ঘটনার উদাহরণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেবি
bdnews24