২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি প্রধান শহীদের আরো ৩ দিন রিমান্ড

নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বর্তমান সাংগঠনিক প্রধান আনোয়ার আলম খোকা ওরফে ভাগ্নে শহীদ ওরফে নাজমুলের আরো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2010, 09:00 AM

Updated : 25 Aug 2022, 04:09 PM

বগুড়া, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বর্তমান সাংগঠনিক প্রধান আনোয়ার আলম খোকা ওরফে ভাগ্নে শহীদ ওরফে নাজমুলের আরো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার সকাল সাড়ে ১০টায় অস্ত্র মামলায় শহীদকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান বগুড়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ সরকার। এই আবেদন মঞ্জুর করে বগুড়ার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. হাসানুজ্জামান। এর আগে গত বুধবার শহীদকে পাঁচ দিনের রিমান্ডে নেয় বগুড়া গোয়েন্দা পুলিশ। পরে শুক্রবার বিশদভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে রোববার আবারো বগুড়ায় নিয়ে আসা হয় তাকে। বগুড়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশীদ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জঙ্গি তৎপরতা সম্পর্কে জানার জন্য তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। এ জন্য তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। গত ১২ জুলাই সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের বিশেষ গোয়েন্দা শাখার গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া-রংপুর বাইপাস সড়কের ছিলিমপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে শহীদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৪৪৬ ঘ.