ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সরকারি কাজে বাধা দান ও পুলিশের উপর হামলার অভিযোগে কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের ১৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১২টায় কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক এবারত হোসেন এ মামলা দায়ের করেন।
কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: জুম্মন (২৫) ও ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো: পলাশসহ অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে বলে জানান থানার উপপরিদর্শক মো: ফিরোজ।
মো: ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ৯টায় কামরাঙ্গীরচর লোহারপুল ব্রীজের ঢাল চেকপোস্টে কাগজপত্র ছাড়া একটি অবৈধ মোটর সাইকেল আটক করে পুলিশ। এ সময় মোটর সাইকেল আরোহীরা নিজেদের ছাত্রলীগ কর্মী পরিচয় দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তারা মোটরসাইকেল রেখে চলে যায়।
এর কিছুক্ষণ পর ছাত্রলীগ নেতা জুম্মন ও পলাশ প্রায় ১৫ জনের মতো কর্মী নিয়ে এসে পুলিশ চেকপোস্ট ঘেরাও করে ফেলে। আটককৃত মোটর সাইকেল ফেরত দেওয়ার দাবি করলে কর্তব্যরত উপপরিদর্শক এবারত হোসেন বৈধ কাগজপত্র দেখানোর জন্য বলেন। ছাত্রলীগ নেতাদের মোটর সাইকেল চালাতে কোন কাগজপত্র লাগে না বলে দাবি করে তারা পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বলে জানান ফিরোজ।
তিনি অভিযোগ করেন, এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আটককৃত মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে চলে যায়।
চেকপোস্টে মাত্র ৩ জন পুলিশ থাকায় ছাত্রলীগ নেতা-কর্মীদের আটক করতে পারেনি বলে জানান তিনি।
চেকপোস্ট থেকে কামরাঙ্গীরচর থানায় ঘটনা জানানো হলে এ ব্যাপারে মামলা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএএ/২১৩১ঘ.
bdnews24