নারায়ণগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠানের ছয় কর্মচারীকে নেশাদ্রব্য খাইয়ে অজ্ঞান করে সাড়ে ৩৩ লাখেরও বেশি টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
শনিবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় আকিজ কর্পোরেশন লিমিটেডের সেলস অফিসে এ ঘটনা ঘটে। এটি আকিজ গ্র"প অব ইন্ডাস্ট্রিজের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
রোববার সকালে তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই অফিসের কর্মচারীরা জানান, কোম্পানি মার্চেন্ডাইজার সুমন ও রাসেল, স্টোর হেলপার ফরিদ ও সোহেল, ভ্যান চালক রুবেল ও নিরাপত্তা কর্মী আব্দুর রহমান শনিবার রাতে কার্যালয়ের একই ভবনের তৃতীয় তলায় আজাদ নামের একজনের বাসায় দাওয়াত খেতে যান। খাওয়ার পর তারা অজ্ঞান হয়ে পড়েন।
এ সময় ওই ভবনের দ্বিতীয় তলার কার্যালয়ের দু'টি ভল্ট ভেঙে নগদ ৩৩ লাখ ৭৬ হাজার টাকা নিয়ে যায়।
এদিকে এ ঘটনার পর তিনতলার ওই ঘরের বাসিন্দা আজাদ ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে বলে জানান ভবনের কেয়ারটেকার আব্বাস উদ্দিন।
আকিজ গ্র"প কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অফিসের ইনচার্জ আজিজুর রহমান জানান, ব্যাংক বন্ধ থাকায় দুই দিনের সিগারেট, ম্যাচ ও জর্দ্দা বিক্রির ৩৩ লাখ ৬৭ হাজার টাকা ভল্টে রাখা হয়েছিল।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম জানান, অজ্ঞান হওয়া কর্মচারীরা সুস্থ হওয়া পর জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্য জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৯ ঘ.
bdnews24