২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ট্রাক ও বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 06:27 AM

Updated : 26 Apr 2022, 01:14 AM

মুন্সীগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ট্রাক ও বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৫ জন। পুলিশ জানিয়েছে, রোববার ভোররাতে ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়া পেট্রোলপাম্প নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন ট্রাকটির চালক। তার নাম জুয়েল (৪০)। নিহত অপরজন ৩০ বছর বয়সী এক মহিলা। তার নাম জানা যায়নি। আহতদের পরিচয় জানা যায়নি। তাদের কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। অন্যদের ঢাকায় পাঠানো হয়েছে। লৌহজং থানার ওসি হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়া পেট্রোলপাম্প নামক স্থানে ভোররাত ৪টার দিকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। তিনি বলেন, "এতে ঘটনাস্থলে ট্রাকচালক জুয়েল ও বাসযাত্রী অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃত্যু হয়। আহত হয় বাসের আরও ৩৫ যাত্রী।" ওসি হেলাল জানান, পুলিশ ট্রাক ও বাসটি আটক করেছে। তবে বাস চালক পালিয়ে গেছে। ময়না তদন্তের জন্য লাশ দুটি মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১২২৪ ঘ.