ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় শনিবার রাতে অগ্নিকাণ্ডে এক তরুণীর মৃত্যু হয়েছে।
নিহত রোখসানা (২০) রাজধানীর তিতুমীর কলেজের ইংরেজি সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি ওই রেস্তোরাঁয় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন।
পুলিশ ও দমকল বাহিনী এ খবর দিয়েছে।
১১৮, গুলশান এভিনিউয়ের (গুলশান-১) একটি ভবনের তিন তলায় অবস্থিত 'দেজা ভু ক্যাফে অ্যান্ড লাউঞ্জ' নামের এই রেস্তোরাঁয় রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগে।
দমকল বাহিনীর ঢাকা বিভাগের উপ-পরিচালক আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টা ৫০ মিনিটে 'দেজা ভু ক্যাফে অ্যান্ড লাউঞ্জ' রেস্তোরাঁয় আগুন লাগে। সাড়ে ১০টা নাগাদ আগুন নেভানো হয়। রেস্তোরাঁ থেকে অজ্ঞান অবস্থায় রোখসানাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
গুলশান থানার ওসি মো. কামাল উদ্দিন জানান, ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা রোখসানাকে মৃত ঘোষণা করেন।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে দমকল বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩২৪ ঘ.
bdnews24