২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ জেলায় জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

দিনাজপুর, কক্সবাজার ও সাতক্ষীরায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের ১০ জন নেকাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 01:01 PM

Updated : 25 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর, কক্সবাজার ও সাতক্ষীরায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের ১০ জন নেকাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এদের গ্রেপ্তার করা হয়। এছাড়া নীলফামারি জেলায় জামায়াতের চার নেতাকে কড়া নজরদারিতে রেখেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: দিনাজপুর: জামায়াতের আমিরসহ তিন নেতার মুক্তির দাবি ও সরকারবিরোধী পোস্টার লাগানোর সময় ঘোড়াঘাট উপজেলায় তিন জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে ঘোড়াঘাট উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের ডুগডুগি বাজারে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশে দেয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ইউনিয়নের দেও গ্রামের আব্দুল মান্নান (৪৫), শাহ মো. হোসাইন কবীর (২৭) ও একই ইউনিয়নের ডুগডুগি বাজারের আব্দুল ওয়াহেদ (৪৮)। ঘোড়াঘাট থানার ওসি মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটককৃতরা জিজ্ঞাসাবাদে নিজেদের জামায়াত কর্মী বলে স্বীকার করেছেন। তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। কক্সবাজার: নাশকতা সৃষ্টি ও সরকারবিরোধী পোস্টার লাগানোর অভিযোগে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকার একটি মেস থেকে শিবিরের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- ছাত্রশিবিরের ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখার সভাপতি মোর্শেদুর রহমান (২০), সাধারণ সম্পাদক লায়েক ইবনে ফাজেল (১৯) ও কর্মী আহসান উল্লাহ (১৯)। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) উপ-পরিদর্শক মাশরুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেক বলেন, বিএনপির ডাকা হরতালের সময় নাশকতা সৃষ্টি ও ঈদগাঁও স্টেশনে সরকার বিরোধী পোস্টার লাগানোর অভিযোগে শুক্রবার বিকালেই মোর্শেদুর, ফাজেল ও আহসানসহ আট শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের নেতাদের অনুরোধে ভবিষ্যতে সরকারবিরোধী কাজ না করার মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তিনি জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাত সাড়ে ৩টায় ঈদগাঁও বায়তুশ শরফ কমপ্লেক্সের একটি মেস থেকে ওই তিন জনকে আবার গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার সকালেই তাদের কক্সবাজার মডেল থানা হাজতে পাঠানো হয়। কক্সবাজার মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, এদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, শুক্রবার বাংলাবাজার এলাকা থেকে গ্রেপ্তারকৃত পাঁচ জনের বিরুদ্ধেও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। শনিবার তাদের আদালতে হাজির করে সাতদিন জিজ্ঞাসাবাদের আবেদন জানানোর কথা রয়েছে। শুক্রবার গ্রেপ্তারকৃতদের মধ্যে তিন জন ছাত্রশিবির কর্মী, একজন জামায়াত কর্মী ও একজন বিএনপি নেতাকে রয়েছেন। জু'মার নামাজের পরে মিছিল করার অভিযোগে তাদরে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা: সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং একাত্তরের মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধীদের বিচার কাজে বাধা সৃষ্টির অভিযোগে মামলায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমিরসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ও শনিবার সকালে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জামায়াতের কালিগঞ্জ উপজেলা আমির ও মহৎপুর গ্রামের বাসিন্দা মোসলেম উদ্দীন (৪৫), জামায়াত নেতা ও একই উপজেলার বাজার গ্রামের নুরুজ্জামান ওরফে মুকুল (৩৮), শিবির কর্মী ফরিদপুর গ্রামের আশরাফুল ইসলাম (২৫) ও উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের শিবিরের সভাপতি ও রঘুনাথপুর গ্রামের সুজা উদ্দীন (২৫)। কালিগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃত চারজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্বাচিত সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের অভিযোগে শুক্রবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গান্দুলিয়া গ্রামের হযরত আলীর দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে। গত ২৯ জুন জামায়াতের আমিরসহ শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের পর সাতক্ষীরায় এ পর্যন্ত ৩৬ জন জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদর থেকে আট জন, ৯ জুলাই সাতক্ষীরা শহরের পোস্টার লাগানোর সময় দুই জন, ১৫ জুলাই সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম থেকে সাত জন, একইদিন সন্ধ্যায় জেলা জামায়াতের অফিস থেকে ১৪ জন, ১৬ জুলাই শহরের পাকাপুল মোড় থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। নীলফামারী: জেলা জামায়াতের শীর্ষ চার নেতার গতিবিধির ওপর নজর রেখেছে পুলিশ। জেলা জামায়াত কার্যালয় আল হেলাল একাডেমীতে পুলিশ মোতায়েন রয়েছে। নজরদারিতে থাকা নেতারা হলেন- জামায়াতের জেলা আমির শাহ মোযাম্মিল হক, সহকারী সেক্রেটারি আমানউল্লাহ, সদর উপজেলার আমির আবু হেলাল ও জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলী। নীলফামারীর সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সাহাবুদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াতের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের পর থেকে তারা মরিয়া হয়ে উঠেছে। তারা নতুনভাবে সংগঠিত হচ্ছে ও সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮৫৮ ঘ.