গোপালগঞ্জ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জে জাল ডলার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের কাছ থেকে পুলিশ টাকা ও জাল কাগজপত্র উদ্ধার করেছে।
শুক্রবার সকালে জেলার মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুরে জাল ডলার নিয়ে প্রতারণা চেষ্টাকালে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মুকসুদপুর উপজেলার ননীক্ষির গ্রামের মো. শিপন শেখ (৩৫), মজিবুর রহমান (৩৪) ও সদর উপজেলার সাতপাড় গ্রামের বিষ্ণ বিশ্বাস (৩২)।
সিন্ধিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) অসীম কুমার সিকদার সাংবাদিকদের বলেন, তাদের কাছ থেকে ১৯ হাজার টাকা ও বেশ কিছু জাল কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশের কাছে সোপর্দ করার সময় তাদের কাছে কোনো জাল ডলার পাওয়া যায়নি।
এসআই অসীম জানান, গ্রেপ্তারকৃতরা জাল ডলার নিয়ে লোকজনের সঙ্গে প্রতারণাকারী চক্রের সদস্য। তারা এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলো।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫১ ঘ.
bdnews24