নারায়ণগঞ্জ, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিজার্ভ ট্যাংকে নেমে নারায়ণগঞ্জ সদর উপজেলায় বৃহস্পতিবার রাতে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
এরা হলেন- সুমন মণ্ডল (২৫), ফারুক হোসেন ( ৩৫) ও লিটন (২৫)।
উপজেলার ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে সাইনবোর্ড সাহেব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া দমকল স্টেশনের সিনিয়র অফিসার মো. ফারুক হোসেন জানান, সাহেব বাজার এলাকায় মিতালী মার্কেটের পিছনে একটি নতুন ভবন হচ্ছে। কয়েকদিন আগে ভবনটির পানির রিজার্ভ ট্যাংক নির্মাণ করা হয়।
রাত সাড়ে ৮টার দিকে ট্যাংকটির সেন্টারিংয়ের কাঠ খুলতে নেমে এই তিন শ্রমিকের মৃত্যু হয়। পরে দমকল কর্মীরা নেমে তাদের লাশ তোলে।
দমকল কর্মকর্তা আরো জানান, ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৭ ঘ.
bdnews24