ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)- পুরনো যাত্রীবাহী গাড়ি ও মালবাহবাহী মোটরযান অপসারণ অভিযানের প্রথম দিনে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত ২৩৬টি মামলা দায়ের করেছে। সেইসঙ্গে জরিমানা করেছে এক লাখ ৯৪ হাজার ২ শ টাকা।
বৃহস্পতিবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
প্রথম দিনের অভিযানে ৪টি যাত্রীবাহী গাড়ি ডাম্পিং গ্রাউন্ডে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীতে ১৫টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ বছরের বেশী পুরনো যাত্রীবাহী এবং ২৫ বছরের বেশী পুরনো মালবাহী মোটরযান অপসারণ অভিযান শুরু হয়। ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) এর সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালতগুলো পরিচালিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এইচএ/২১৩৯ ঘ.
bdnews24