মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে বিভিন্ন সংস্থায় কর্মরত পাঁচ ক্যাটাগরির প্রায় সাড়ে চার হাজার কর্মীর বেতন স্কেলের গ্রেড উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এসব কর্মীর গ্রেড পরিবর্তন করে জাতীয় বেতন স্কেলের ১৪ নম্বর থেকে ১১ নম্বর স্কেলভূক্ত করা হয়েছে। তবে নতুন গ্রেডের জন্য কর্মীদের দু'টি শর্ত পূরণ করতে হবে।
গত ৬ জুলাই অর্থ মন্ত্রণালয় এ ব্যপারে সম্মতি দিয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবকে দেওয়া অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের উপসচিব নজরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ওইদিন বিষয়টি জানানো হয়।
এ পাঁচটি ক্যাটাগরি হচ্ছে- উপজেলা প্রাণিসম্পদ সহকারী (ইউএলএ), ভেটেরিনারি ফিল্ড এসিসটেন্ট (ভিএফএ), ফিল্ড এসিসটেন্ট (কৃত্রিম প্রজনন- এফএ/এআই), কম্পাউন্ডার এবং পোলট্রি টেকনিশিয়ান।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ গ্রেড উন্নয়নের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে প্রায় সাড়ে চার হাজার কর্মী প্রায় ৩২ বছর ধরে গ্রেড উন্নয়নের জন্য আন্দোলন করছে। কিন্তু বিগত দিনে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রীদের সিদ্ধান্তহীনতার কারণে বিষয়টি ঝুলে ছিল।
তিনি বলেন, "বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে সমস্যাটি সমাধান করেছি।"
প্রাণিসম্পদ অধিদপ্তর এবং অর্থ বিভাগের ওই চিঠিতে জানানো হয়, নতুন গ্রেডভুক্ত হওয়ায় এ কর্মীরা জাতীয় বেতন স্কেল '০৯-এর হার অনুযায়ী ৫,২০০-১১,২৩৫ টাকার স্থলে ৬,৪০০-১৪,২৫৫ টাকা হারে বেতন পাবেন।
নতুন গ্রেডভুক্তির শর্ত হিসেবে বলা হয়েছে, এজন্য দুই বছর মেয়াদী 'ইন-সার্ভিস মেকাপ কোর্স ইন এনিমেল হেলথ অ্যান্ড প্রোডাকশন' কোর্স সম্পন্ন করতে হবে।
যারা ইতোমধ্যেই এক বছরের প্রশিক্ষণ এবং দুই বছরের কোর্স সম্পন্ন করেছেন, তারা আদেশ জারির দিন থেকেই এ সুবিধা ভোগ করবেন।
তবে যারা এ কোর্স করেননি, তাদের কোর্স সম্পন্ন করে সনদ জমা দেওয়ার দিন থেকে নতুন গ্রেড কার্যকর হবে।
লতিফ বিশ্বাস জানান, শিগগিরই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আদেশ জারি করে এ কর্মীদের নতুন গ্রেডভুক্তির বিষয়টি নিশ্চিত করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/এইচএ/২১০০ ঘ.
bdnews24