২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রী খুন

রাজধানীর ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রী তার খালার দেবরের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 02:32 PM

Updated : 25 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রী তার খালার দেবরের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন। বৃহস্পতিবার বেলা তিনটায় মিরপুর মধ্য পাইকপাড়ার বাসভবনে খালার দেবর তরিকুজ্জামান কবির (২৮) মহসীনা রব্বানী মেনকাকে (২২) উপর্যুপরি ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করে। নিহত মেনকা ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগ থেকে অনার্স শেষ বর্ষের পরীক্ষা দিয়েছেন। তিনি বিভিন্ন কোচিং সেন্টারে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতেন। মেনকার মা হাসিনা রব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে কাজ শেষ করে মেনকা বাসায় ফেরার কিছুক্ষণ পর তার বোনের দেবর তরিকুজ্জামান বাসায় আসে। এ সময় মেনকা ও তরিকুজ্জামান ড্রইং রুমে বসে কথা বলছিল। অসুস্থ থাকায় ঘুমের ওষুধ খেয়ে তিনি ঘুমিয়ে ছিলেন বলে জানান। বেলা তিনটার দিকে ড্রইং রুম থেকে চিৎকার শুনতে পেয়ে ঘুম ভেঙ্গে যায় হাসিনা রব্বানীর। বন্ধ থাকা ড্রইং রুমের ভেতর থেকে তরিকুজ্জামান বলতে থাকেন, মেনকা আর নেই, পুলিশকে খবর দিন। পুলিশ আসলে দরজা খোলা হবে। প্রায় এক ঘন্টা পর পুলিশ আসলে দরজা খুলে দেয় তরিকুজ্জামান। এ সময় পুলিশ মেনকার গলাকাটা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। মিরপুর থানায় তরিকুজ্জামান সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে মেনকার সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্ক ছিল। কিছুদিন আগে মেনকা তাকে সম্পর্ক চ্ছেদ করবে বলে জানায়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মেনকাকে উপর্যুপরি ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করেছেন বলে স্বীকার করেন তরিকুজ্জামান। মিরপুর থানার উপপরিদর্শক কামরুন্নাহার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৫ সাল থেকে মেনকা ও তরিকুজ্জামানের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক ছিল। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তরিকুজ্জামান মালয়েশিয়া ছিলেন। সেখান থেকে দেশে ফেরার পর তিনি জানতে পারেন যে, মেনকা অন্য একজনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। এ ঘটনার জেড় ধরেই এ হত্যাকান্ড হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচএ/এইচএ/২০২৫ ঘ.