২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রকে অপহরণ চেষ্টা ব্যর্থ, আটক ২

এক স্কুলছাত্রকে গাড়িসহ অপহরণের সময় গোয়ালন্দ ফেরিঘাট থেকে গাড়িচালকসহ দুই অপরণকারীকে ধরে পুলিশে দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 01:47 PM

Updated : 25 Aug 2022, 01:56 PM

ঢাকা, ১৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্কুলছাত্রকে গাড়িসহ অপহরণের সময় গোয়ালন্দ ফেরিঘাট থেকে গাড়িচালকসহ দুই অপরণকারীকে ধরে পুলিশে দিয়েছে জনতা। বুধবার রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে আসাদ অ্যাভিনিউ'র গ্রীনহেরাল্ড স্কুলের 'এ' লেবেলের ছাত্র শেখ নিয়াজ নূর নিলয়কে তাদের গাড়িচালকসহ চারজন অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে গোয়ালন্দঘাটে একটি ফেরিতে ওই গাড়ির ভেতর থেকে তার চিৎকার শুনে লোকজন গাড়ির চালক মনিরসহ ফারুক নামে অপর এক অপহরণকারীকে আটক করে। এসময় অপর দুই অপহরণকারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ এসে গাড়িসহ ওই দুইজনকে ফেরির ওপারে গোয়ালন্দঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। নিলয়ের বাবা শেখ নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে নিলয় মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসা থেকে প্রাইভেট কারে করে স্কুলের উদ্দেশে বের হয়। গাড়িটি তাজমহল রোড এলাকায় পৌঁছলে হঠাৎ করে গাড়িতে কয়েকজন যুবক উঠে পড়ে। এ সময় অস্ত্র এবং চাকুর ভয় দেখিয়ে তাকে চুপ থাকতে বলে ও তার হাত বেঁধে ফেলে। গাড়িতে করে তাকে গাবতলী নিয়ে যাওয়া হয় এবং সেখানে জোর করে ঘুমের ওষুধ মেশানো কোমল পানীয় খাওয়ালে সে জ্ঞান হারিয়ে ফেলে। উদ্ধার হওয়া নিলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, "হঠাৎ চোখ খুলে দেখি গাড়িটি একটি ফেরিতে। আমি তখন গাড়ির পেছনের সীটে বসা। মুখ-হাত বাধাঁ। চালক মনির এবং আরো একজন তার পাশে বসা। এ সময় কোনো রকমে মুখের কাপড় সরিয়ে আমি জোড়ে চিৎকার করি।" অপহরণকারীরা গাড়িতে বসে তার বাবার কাছে ৫০ লাখ টাকা চাইবে বলেও নিজেদের মধ্যে আলোচনা করছিল বলে জনায় নিলয়। নিলয়ের বাবা নূর মোহাম্মদ জানান, "মনির প্রায় তিন বছর ধরে তাদের গাড়ি চালাচ্ছে। খুই বিশ্বস্ত হিসাবে জানতাম তাকে। অথচ সে মোহাম্মদপুরের কয়েকজন সন্ত্রাসীর সঙ্গে পরিকল্পনা করে আমার ছেলেকে অপহরণের চেষ্টা করে।" তবে গাড়িচালক মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, সন্ত্রাসীরা তাকেও জিম্মি করেছিল। নিলয় জানায়, তাজমহল রোড়ে তাকে যখন অপহরণের চেষ্টা করছিল তখন চালকে গাড়ি থামাতে বললেও সে না থামিয়ে সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে গাড়ি দ্রুত চালাতে থাকে। মনিরের সঙ্গে ধরা পড়া ফারুক ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, প্রায় সাতদিন আগে স্থানীয় সস্ত্রাসী ফারুক নামে অপর একজন, হৃদয় ও জাহাঙ্গীরের সঙ্গে মনির বৈঠক করে। এ সময় তারা এই অপহরনের পরিকল্পনা করে। ফেরিতে হৈচৈয়ের মধ্যে হৃদয় এবং ওই ফারুক জনতার সঙ্গে মিশে পালিয়ে যায়। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিলয়ের বাবা বুধবার তারা ছেলে বাসায় না ফেরার ব্যাপারে অভিযোগ করে একটি সাধারণ ডায়রী করেন। এর তদন্ত করতে গিয়ে জানা যায় চালক মনির কৌশলে নিলয়কে নিয়ে মনিরের গ্রামের বাড়ি সাতক্ষীরা নিয়ে যাচ্ছিল। সে অনুযায়ি সম্ভাব্য সব থানায় খবর পাঠানো হয়। পরে বিকালে জানা যায় গোয়ালন্দ এলাকায় এমন একটি ঘটনা ঘটেছে। পরে তিনি গিয়ে এবং স্থানীয় পুলিশের সহায়তায় দুইজনকে গ্রেপ্তার করেন। নিলয়কে উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ঢাকায় নিয়ে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেবি/এইচএ/১৯৪৩ ঘ.