ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধকে 'অসহযোগ আন্দোলন' বলায় আদালতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবীরা।
বুধবার বিকাল ৪টায় রাজধানীর পল্লবী থানার গণহত্যা মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামানকে আদালতে হাজির করা হয়।
এ সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজত চেয়ে আবেদন করলে মহানগর হাকিম রোখসানা বেগম পাঁচ দিন মঞ্জুর করেন।
কাঠগড়ায় দাঁড়িয়ে কাদের মোল্লা বলেন, একাত্তরের আগস্টে 'অসহযোগ আন্দোলন'-এর সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে বাড়ি যাচ্ছিলেন।
মুক্তিযুদ্ধকে অসহযোগ আন্দোলন বলার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু এর বিরোধিতা করে বক্তব্য দেন। তার সমর্থনে রাষ্ট্রপক্ষের অপর আইনজীবীরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এ অবস্থায় কাদের মোল্লা কথা বলা থামিয়ে দেন।
আদালতের হস্তক্ষেপে উভয়পক্ষের আইনজীবীরা শান্ত হন।
আদালতে কাজ শেষে বিকাল ৫টার দিকে কাদের মোল্লা ও কামারুজ্জামানকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদের প্রতি জুতা ও থুথু নিক্ষেপ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএএ/ডিডি/০১২৩ ঘ.
bdnews24