সিলেট, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরীর হাওয়াপাড়া এলাকায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে প্রায় পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার দুপুরে এই ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় একজনকে পাকড়াও করে পুলিশে দিয়েছে জনতা। ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা যায়নি।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) অঞ্জন রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর কুমারপাড়ার ব্যবসায়ী শরীফুজ্জামান চৌধুরী সপু দুপুরে চৌহাট্টায় একটি ব্যাংক থেকে চার লাখ ৯০ হাজার টাকা তোলে।
এরপর টাকা নিয়ে তিনি বাসায় ফেরার পথে হাওয়াপাড়া এলাকায় চারটি মটর সাইকেলে করে এসে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে।
অস্ত্রের মুখে ছিনতাইকারীরা সপুর কাছ থাকা টাকা ছিনিয়ে নেয়। যাওয়ার সময় তারা সপুর পেটে ও হাতে ছুরিকাঘাত করে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই জানান, সপুর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ছিনতাইকারীদের পিছু ধাওয়া করে এবং বারুতখানা পয়েন্ট থেকে অপু মিয়া (২২) নামে একজনকে মটরসাইকেলসহ আটক করে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই অঞ্জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২৩৪৬ ঘ.
bdnews24