চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের সিসিটি জেটি থেকে পণ্য ভর্তি কন্টেইনার পাচারকালে বুধবার আটজনকে আটক করেছে নিরাপত্তা কর্মীরা।
বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক লিমিটেডের পরিচালনাধীন চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) জেটি থেকে কাপড়ভর্তি একটি কন্টেইনার বের করার সময় তাদের আটক করা হয়।
আটক হয়েছেন- সাইফ পাওয়ার টেকের স্ট্র্যাডল ক্যারিয়ার অপারেটর মনির হোসেন, কন্টেইনার চেকার মোহাম্মদ জামাল, শ্রমিক শহীদ, আবছার হোসেন, হারুণ ও জামশেদ এবং কাভার্ড ভ্যান চালক সাগর ও সহকারী জয়নাল।
চট্টগ্রাম বন্দরের সহকারী পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কমান্ডার হাওলাদার আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে সিসিটি থেকে ঘোষণা ও রেকর্ড ছাড়াই একটি কাপড়ভর্তি কন্টেইনার পাচারকালে আটজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
কন্টেইনারটিতে ৭২১ বেল বিদেশি কাপড় ছিল বলে তিনি জানান।
এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে বন্দর কর্মকর্তা আকরাম হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এইচএ/২৩২৪ ঘ.
bdnews24