ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চিকিৎসকরা অফিস সময়ের বাইরে সরকারি হাসপাতালে বসেই প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হক।
বুধ্বার স্বাস্থ্য নীতি নিয়ে জাতীয় কমিটির পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
রুহুল হক বলেন, সরকারী চিকিৎসকরা তাদের অফিস সময় শেষে ওই কার্যালয়ে বসেই প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন। এতে জরুরি সময়ে হাসপাতালে সহজেই সংশ্লিষ্ট চিকিৎসককে পাওয়া যাবে। এর ফলে রোগীদের কল্যাণে হাসপাতালের সম্পদেরও সুষ্ঠূ ব্যবহার হবে।
মঙ্গলবার একনেক বৈঠকে সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে সেখানেই চেম্বার করে তাদের প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা করতে স্বাস্থ্য মন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে চিকিৎসকরা যেন অন্য কোথাও প্রাইভেট প্র্যাকটিস থেকে বিরত থাকেন সে ব্যাপারেও নির্দেশনা জারি করতে মন্ত্রীকে তাগিদ দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২২১৯ ঘ.
bdnews24