২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় অস্ত্রসহ ৫ 'চরমপন্থী' গ্রেপ্তার

কুষ্টিয়ায় পৃথক অভিযানে দুটি কথিত চরমপন্থী সংগঠনের এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গুলি-বোমাসহ কয়েকটি আগ্নেয়াস্ত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 01:30 PM

Updated : 25 Aug 2022, 01:53 PM

কুষ্টিয়া, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় পৃথক অভিযানে দুটি কথিত চরমপন্থী সংগঠনের এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গুলি-বোমাসহ কয়েকটি আগ্নেয়াস্ত্র। বুধবার জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ এই অভিযান চালায়। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) সি এ হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থানা পুলিশ বুধবার রাত তিনটায় সদর উপজেলার মধুপুর গ্রামে অভিযান চালিয়ে মান্নান ঢালীকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি একই উপজেলার পিয়ারপুর গ্রামে। তার কাছ থেকে একটি এলজি (লাইটগান) ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। মান্নান ঢালী চরমপন্থী সংগঠন গণবাহিনীর আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে ঝিনাইদহের হরিণাকুন্ড ও কুষ্টিয়ার ইবি থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান এএসপি হালিম। কুষ্টিয়া সদর থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ভোরে সদর উপজেলার ভাদালিয়া গ্রামের একটি ইটভাটার কাছে অভিযান চালিয়ে চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়াপাড়া গ্রামের রেজাউল (৪২), নূরুল ইসলাম (৩৫), বেলঘরিয়া গ্রামের মুস্তাক আলী শেখ (৩৮) ও স্বস্তিপুর গ্রামের আজিবর রহমান (৩০)। তাদের কাছ থেকে তিনটি হাতে তৈরি বোমা, একটি ধারালো ছোরা ও দুটি রামদা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত এই চারজনের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি আসাদুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯২৯ ঘ.