২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র স্থাপনের তাগিদ

দেশে ক্রমবর্ধমান বিদ্যুত ঘাটতি মোকাবেলায় গ্যাসের উপর নির্ভরশীলতা কমিয়ে কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র স্থাপনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 01:22 PM

Updated : 25 Aug 2022, 01:53 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দেশে ক্রমবর্ধমান বিদ্যুত ঘাটতি মোকাবেলায় গ্যাসের উপর নির্ভরশীলতা কমিয়ে কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র স্থাপনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'এনার্জি সেক্টর মেগা প্ল্যান এন্ড ইটস ইমপ্লিমেনটেশন চ্যালেঞ্জেস' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তারা। জ্বালানি বিষয়ক পাক্ষিক 'এনার্জি অ্যান্ড পাওয়ার' আয়োজিত বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইজাজ হোসেন। তিনি বলেন, "বিদ্যুত কেন্দ্র স্থাপনে বেসরকারি খাতের পাশাপশি সরকারি প্রতিষ্ঠান পিডিবিকে আরো শক্তিশালী করতে হবে।" জ্বালানি খাতে (গ্যাস ও বিদ্যুত) ঘাটতি থাকায় গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ২ শতাংশ কম হয়েছে বলে মনে করেন তিনি। বিদ্যুত উৎপাদনে গ্যাসের পাশাপাশি কয়লাভিত্তিক কেন্দ্র স্থাপনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিদ্যুত সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করে বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, "সংকট কাটিয়ে উঠতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।" বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, "সংকট মেটাতে নেপাল ও ভূটান থেকে বিদ্যুত আমদানির চিন্তা করছে সরকার।" এ খাতের সমস্যা সমাধানে বিশেষজ্ঞদের এগিয়ে আসার আহবান জানান তিনি। সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন বলেন, "বিদ্যুত উৎপাদনে গ্যাসের ব্যবহারের ফলে এর মজুদ কমে যাবে। তাই গ্যাসের উপর নির্ভরশীল কমিয়ে কয়লাভিত্তিক কেন্দ্র স্থাপনে সরকারকে উদ্যোগ নিতে হবে।" বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এ কে এম এ কাদের বলেন, "জ্বালানি খাতে গত ৪০ বছরে যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে তার ৪০/৪৫ ভাগই বাস্তবায়ন হয়নি।" অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক বিদ্যুত প্রতিমন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ, সংসদ সদস্য আব্দুল ওদুদ, প্রকৌশলী এনামুল হক, পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মুক্তাদির আলী এবং পাক্ষিক 'এনার্জি এন্ড পাওয়ার' এর সম্পাদক মোল্লা আমজাদ হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএএ/১৯১৮ঘ.