ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে কাউকেই ভূমির যথেচ্ছ ব্যবহার করতে দেওয়া হবে না বলে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান।
বুধবার বিকালে সংসদে সাংসদ মজিবুল হকের এক প্রশ্নের জবাবে তিনি সরকারের এ কঠোর অবস্থানের কথা জানান।
শেখ হাসিনা বলেন, ''ঢাকায় ভূমির পরিকল্পিত ব্যবহার করতে হবে। অতীতে ভূমির যথেচ্ছ ব্যবহারের নানা অনিয়ম হয়েছে। ঢাকায় বড় ভূমিকম্প হলে কী অবস্থা হবে ? কিভাবে উদ্ধার কাজ চলবে ? ''
তিনি জানান, জনগণের অসুবিধা করে কোনো কাজই করা হবে না। যা কিছু করা হবে স্থানীয় সাংসদ ও জনগণের সঙ্গে আলাপ করেই করা হবে।
ঢাকা ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বিষয়ে সাংসদ মুজিবুল হকের এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "আবাসিক সমস্যার সমাধানে আবাসন ব্যবসায়ীরা অবদান রাখছেন- এটা ঠিক। কিন্তু তারা কোনো কিছুই পরিকল্পিতভাবে করেননি। সবার সঙ্গে আলাপ করে ড্যাপ বাস্তবায়ন করা হবে।"
ড্যাপ বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রীর নেতৃত্বে সাত মন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি কাজ করছে বলে জানান তিনি।
গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের সঙ্গে আবাসন ব্যবসায়ীদের বচসার প্রতি ইঙ্গিত করে হাসিনা বলেন, প্রতিমন্ত্রী এক্ষেত্রে শক্ত অবস্থান নিয়েছেন বলে তাকে কেউ কেউ বকা-ঝকা করেছেন। কারো ক্ষতি করে কিংবা অসুবিধা করে ড্যাব বাস্তবায়ন করা হবে না।
ঢাকায় অপরিকল্পিত নগরায়নের জন্য অতীত সরকারগুলোকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, "যখন যে ক্ষমতায় ছিলেন ভূমি ব্যবহারে কোনো নিয়ম মানেননি। তাই ওই সময়ে আবাসন ব্যবসায়ীরা বেশি সুযোগ নিয়েছেন।"
ধানমণ্ডি আবাসিক এলাকায় ১৬ তলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়া প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, "ধানমণ্ডিতে একটি পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছিলো। সেখানে ১৬ তলা ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়। এতে একটি পরিবারের স্থলে ৩০/৩৫ টি পরিবার থাকছে। এ অবস্থায় সেখানে গ্যাস, বিদ্যুৎ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না করেই অনুমতি দেওয়া হয়েছে। '৯৬ সালে আমি ক্ষমতায় এসে তা বন্ধ করি।"
র্যাংগস ভবন ভাঙার প্রসঙ্গ তুলে তিনি বলেন, "আমি মনে করি, ওই ভবনটি যে সরকারের আমলে অনুমতি পেয়েছে সে সরকারই এর জন্য দায়ী।"
সাংসদ মেহের আফরোজ চুমকির এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান, গবেষকদের জন্য বিশেষ প্রণোদনার বিষয়টি আমরা আলোচনা করছি। ঢালাওভাবে অবশ্য তা দেওয়া হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমইউএস/এইচএ/১৯০৯ ঘ.
bdnews24