২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বন্দুকযুদ্ধে' মৃত্যু: ২ র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বরিশালের মুলাদীতে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হওয়ার ঘটনায় দুই র‌্যাব কর্মকর্তাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 11:26 AM

Updated : 25 Aug 2022, 01:50 PM

বরিশাল, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের মুলাদীতে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হওয়ার ঘটনায় দুই র‌্যাব কর্মকর্তাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বরিশালের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মোহাম্মদ আলতাফ হোসাইন সুরতহাল ও ময়না তদন্তের প্রতিবেদনসহ আদালতে প্রতিবেদন দিতে মুলাদী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। গত বৃহস্পতিবার 'বন্দুকযুদ্ধে' নিহত মজনু খাঁ'র বোন রিনা খান বরিশালের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগটি দায়ের করেন। হাকিম শরীফ মো. সানাউল হক অভিযোগটি মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঠিয়ে দেন। আজ (মঙ্গলবার) ছিলো অভিযোগ শুনানির ধার্য দিন। আসামি দুই র‌্যাব কর্মকর্তা হলেন- র‌্যাব-৮ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল হক ও র‌্যাব-৮ এর ১ নম্বর কোম্পানির অধিনায়ক মেজর রাশেদুল হক খান। এছাড়া স্থানীয় বাসিন্দা বাচ্চু খাঁসহ আরো ২৮ জনকে আসামি করা হয়েছে। গত ৪ জুন দিবাগত রাতে মুলাদী উপজেলার চরকালেখা ইউনিয়নের নয়াকান্দি গ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মজনু খাঁ ও কালাম সরদার মারা যান। র‌্যাবের দাবি করে, মজনু ও কালাম ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে খুন, ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে থানায়। মজনুকে নিরীহ দাবি করে রিনা খান অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাচ্চু খাঁসহ অন্য আসামিরা র‌্যাবের দুই কর্মকর্তার সঙ্গে যোগসাজসে এই হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী মজনু ও কালামকে সাদা পোশাকধারী একটি দল ৪ জুন দুপুর আড়াইটার দিকে বরিশাল নগরীর নাজিরের পোল এলাকা থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর হাত-পা ভেঙ্গে মুখের মধ্যে মাটি ও কাপড় ঢুকিয়ে গুলি করে তাদের হত্যা করা হয় বলে বাদি অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৪ ঘ.