জয়পুরহাট, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জেএমবি'র ৫ সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ২ টা ৩০ মিনিটের দিকে তাজপুর গ্রামে তালিকাভুক্ত জেএমবি সদস্য সিরাজুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। তবে সিরাজুলকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, সিডি ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
আটককৃতরা হলেন- তানভির হোসেন, রিয়াজ উদ্দিন, গোলাম মাহবুব, আল মামুন স্বপন ও লুৎফর রহমান। তাদের বাড়ি ঢাকার গেন্ডারিয়া, সুত্রাপুর ও কোতোয়ালী থানা এলাকায়।
পাঁচবিবি থানার ওসি বিমল চন্দ্র কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটককৃতদের সকলের বয়স ৩০ এর নিচে। বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা নিয়ে তারা গোপনে সিরাজুলের গ্রামের বাড়িতে মিলিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।"
ওসি জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
এ ব্যাপারে পাঁচবিবি থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৩৩৪ ঘ.
bdnews24